টেকনাফে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪
কক্সবাজারের টেকনাফ থেকে ১১ হাজার ৮০৫টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৭-এর সদস্যরা। আজ মঙ্গলবার ও গতকাল সোমবার অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে সাতটায় নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেটসংলগ্ন এলাকায় মাছ ধরার একটি নৌকাকে সংকেত দেওয়া হয়। এ সময় পাচারকারীরা পলিথিনে মোড়ানো ইয়াবার চালানটি নদীতে ফেলে দেয়। হাবিলদার লুত্ফর নদীতে ঝাঁপিয়ে পড়ে সেটি উদ্ধার করেন। তাতে ৫৭টি প্যাকেটে ১১ হাজার ৩০৫টি ইয়াবা বড়ি রয়েছে। নৌকা থেকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ (২৫), আবুল হাসিম (২৭) ও নূর হোসেনকে (২২) আটক করা হয়। গতকাল সোমবার রাতে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার থেকে ৫০০ ইয়াবা বড়িসহ আতাউর রহমানকে (২০) আটক করেন। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান বলেন, ওই এলাকায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ ছিল তাঁদের কাছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ইয়াবা বড়িসহ আতাউরকে হাতেনাতে আটক করা হয়। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।