টেকনাফে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার রাত ১০টার দিকে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে প্রায় ২০ হাজার ইয়াবা বড়ি ও ৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিজিবি হ্নীলা বিওপির (চৌকির) কোম্পানি কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে বিজিবির একদল জওয়ান চৌধুরীপাড়া বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্দেহ হলে দুই ব্যক্তিকে সংকেত দিয়ে থামানোর চেষ্টা করেন জওয়ানরা। তাঁরা একটি পলিথিনে মোড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ১৯ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের বহনকারী নৌকায় তল্লাশি চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধার করা ইয়াবা ও মদের আনুমানিক মূল্য সাড়ে ৬১ লাখ টাকা। তবে এ ঘটনায় মো. সামছুল (৪০) নামের এক ব্যক্তিকে পলাতক দেখিয়ে তাঁকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।