টেকনাফে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টেকনাফ উপজেলার নাফ নদ দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল সোমবার রাতে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদ দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে নাফ নদের বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা। লেদা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই প্যাকেটের ভেতরে লুকানো ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা বড়ির চালান টেকনাফ থানায় জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।