টেকনাফে ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ থেকে আজ শুক্রবার ভোররাত চারটার দিকে সাড়ে ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান বাংলাদেশে আসছে—এমন খবরের ভিত্তিতে আজ ভোররাতে সেখানে বিজিবির টহল জোরদার করা হয়। ওই সময় দুটি মোটরসাইকেল কাছাকাছি এলে চালকদের থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা সংকেত অমান্য করে পালিয়ে স্থানীয় বাসিন্দা হাজি সুলতান আহমদের বাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগভর্তি সাড়ে ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে থাকা হাজি সুলতান আহমদের ছেলে শামসুল আলম (৩৫) ও হাজি জামালের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেনকে (২১) আটক করা হয়। ওই সময় তাঁদের ব্যবহূত মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ইয়াবা বড়ি, দুটি মোটরসাইকেলসহ আটক দুই ব্যক্তিকে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া একই এলাকার বাসিন্দা জামাল উদ্দিনকে (৫০) পলাতক আসামি দেখিয়ে এই তিনজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে মামলা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে তিনি দাবি করেন।