টেকনাফে ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৪ হাজার ৮৬১টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, নাফ নদী দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি পাচার করা হচ্ছে, এমন গোপন খবরের ভিত্তিতে তারা গতকাল রাত ১১টার দিকে সাবরাং মিস্ত্রিপাড়া ঘাট এলাকায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন শাহপরীর দ্বীপ বিজিবি কোম্পানি কমান্ডার সোহরাওয়ার্দী। এ সময় পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে ১০০টি মিনি প্যাকেটে ১৯ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. ইলিয়াছকে (২৩) আটক করা হয়।বিজিবি জানায়, একই দিন রাত আটটার দিকে দমদমিয়া বিজিবি চেকপোস্টে টেকনাফ থেকে হ্নীলাগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ১৬১টি ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের মো. শামসুল হুদা (২৬) ও হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. হোসেন আলী (৩৩)।আটক তিনজনকে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।