কক্সবাজারের টেকনাফ উপজেলার ৩৮টি গ্রাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। বরগুনার নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। মৌলভীবাজার ও সিলেটে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে কয়েকটি এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: টেকনাফ (কক্সবাজার): উপজেলায় টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন আহত হন। সরেজমিনে দেখা গেছে, টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া, হ্নীলা, হোয়াইক্যং ও পৌরসভার ৩৮ গ্রামের কয়েক শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, পানের বরজ, চিংড়িঘের, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। এতে দুই শতাধিক মাটির ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আসবাব, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ মূল্যবান জিনিস মাটির নিচে চাপা পড়েছে। এ ছাড়া এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত আমির হোসেন, ফজর আলী, মমতাজ বেগম, জাহিদা বেগমসহ অনেকে জানান, দুই দিন ধরে বৃষ্টি হলেও শুক্রবার ভোরের বজ্রসহ ভারী বৃষ্টিপাতে অল্প সময়েই বসতবাড়িতে পানি ঢোকে। কোমরসমান পানিতে ঘর ডুবে যায়। তাঁরা অভিযোগ করেন, পানিপ্রবাহের খালগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখলে নেওয়ায় তাঁদের এ দুর্দশা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের খোঁজ নিচ্ছে না।টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম, সাবরাংয়ের ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান ও হোয়াইক্যংয়ের ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিনি বাসা থেকে বের হতে পারছেন না। বর্ষণ কমে গেলে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খবর নেবেন। বরগুনা: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বরগুনার নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে কয়েক লাখ একর ফসলি জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাত থেকে বরগুনাসহ উপকূলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকালে তা আরও বাড়ে।গতকাল সদরের ছোট বালিয়াতলী এলাকায় গিয়ে দেখা যায়, পায়রা নদীর পাড়ের প্রায় আধা কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এতে জোয়ারের পানি ঢুকে ছোট বালিয়াতলী ও বালিয়াতলী গ্রামের কয়েক হাজার একর ফসলি জমি ডুবে গেছে। সদরের ডালভাঙা এলাকায়ও প্রায় আধা কিলোমিটার বাঁধ পানির চাপে গত কয়েক দিনে ভেঙে গেছে। এ ছাড়া আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এক কিলোমিটার, তালতলী উপজেলার লতাকাটা এলাকায় এক কিলোমিটার, পাথরঘাটা এলাকার খলিফারহাট, জিনতলা, পদ্মা, তাফালবাড়িয়া, রুহিতা এবং কাঁকচিড়া এলাকার বাঁধ ভেঙে গেছে। পাউবোর বরগুনা জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘১০টি এলাকার বাঁধ বিলীন হয়ে যাওয়ার খবর পেয়েছি। আরও কমপক্ষে তিনটি বাঁধ ঝুঁকির মুখে রয়েছে।’ মৌলভীবাজার: পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সঙ্গে বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ধসে মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াইনঘাট (সিলেট): পাহাড়ি ধস ও প্রবল বর্ষণে সিলেট-গোয়াইনঘাট সরাসরি যোগাযো ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।