টেকনাফে ৫৮ রোহিঙ্গা আটক
টেকনাফে বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে বিডিআর সদস্যরা মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ৫৮ জন রোহিঙ্গাকে আজ সোমবার আটক করেছেন। তারা বাসে করে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন জানান, সড়কপথে টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। রোহিঙ্গাদের সবাই পুরুষ। আটক হওয়া মিয়ানমারের নাগরিক নুরুল কবির (২৩) ও শামসুল আলম (২৬) জানান, অভাবের তাড়নায় তাঁরা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকেন। আজ সকালে তাঁরা সড়কপথে চট্টগ্রাম যাওয়ার পথে বিডিআরের হাতে ধরা পড়েন। রোহিঙ্গা যুবক মোক্তার আহমদ ও আবু তাহের জানান, মিয়ানমারের বহু রোহিঙ্গা চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও ট্রাভেল এজেন্সিতে চাকরি করে। তাই চাকরির আশায় তাঁরাও ঢাকায় যাচ্ছিলেন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। পরে তাদের কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।