টেকনাফের ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ২৩টি সরকারি ও ১৬টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই এবং সাতটিতে নলকূপ অকেজো হয়ে পড়ায় এ সমস্যা দেখা দিয়েছে। সরকারিভাবে নলকূপগুলোর সংস্কার ও কূপ খনন না করায় উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সেন্ট মার্টিন ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘এ দ্বীপে একটিমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো নলকূপ নেই। শিক্ষার্থীরা আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করেছে।’ নিলা ইউনিয়নের উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ বলেন, ‘পাহাড়ি এলাকা হওয়ায় শিক্ষার্থীরা এ সময় প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি এনে খায়।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোবারক আকতার বলেন, ‘নলকূপ স্থাপন বা মেরামতের জন্য শিক্ষা অফিসের কোনো তহবিল নেই। তবে অন্য কোনো সংস্থা এগিয়ে এলে নষ্ট নলকূপগুলো সচল করা সম্ভব।’উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, এ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে নলকূপ নেই, এটা তাঁর জানাই ছিল না। সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেলে বিদ্যালয়গুলোতে নলকূপ স্থাপন করা সম্ভব হবে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, নলকূপ না থাকায় বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলার অধিকাংশ এলাকায় প্রতিবছর খাওয়ার পানির সংকট দেখা দেয়। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব বলে তিনি জানান।