টেকনোক্র্যাট ক্রীড়ামন্ত্রী চাই
বাংলাদেশে ৩৫টিরও বেশি ফেডারেশন, অ্যাসোসিয়েশনও আছে ৫-৬টি। বিভিন্ন খেলার নীতিনির্ধারণ আর পরিচালনা এদের মাধ্যমেই হয়ে থাকে। স্বাধীনতার প্রথম দিকে এত ফেডারেশন আর অ্যাসোসিয়েশন ছিল না, যুদ্ধ শেষে মাত্র স্বাধীন হওয়া একটি দেশের ক্রীড়া কর্মকাণ্ডের সর্বস্তরে ক্রীড়াবিদেরাই ছিলেন চালিকাশক্তি। ১৯৭১ থেকে ২০১১—এই ৪০ বছরে নতুন নতুন যেসব খেলার ফেডারেশন সৃষ্টি হয়েছে, তার অনেক খেলার চর্চাও এ দেশে নেই। ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে এই ফেডারেশনগুলো জন্মেছে। এ ধরনের ফেডারেশনের ওজনধারী কর্মকর্তারাও এখন ক্রীড়াঙ্গনের শক্তিশালী ব্যক্তিত্ব। এঁদের অনেকেই জীবনে কোনো খেলা খেলেননি, ক্রীড়াঙ্গন সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আগেও ছিল না, এখনো নেই। কিন্তু ক্রীড়ারাজ্যের শাসন এখন তাঁদের হাতেই। আমাদের ক্রীড়ারাজ্যের শেষ কথা ক্রীড়া মন্ত্রণালয়। এর দায়িত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী। ইনি পরম্পরায় অখেলোয়াড় হওয়ায় এবং কে ক্রীড়াঙ্গন দাপিয়ে বেড়ানো খেলোয়াড় ছিলেন, আর কে খেলোয়াড়ই নন, তা জানা না থাকায় এ মুহূর্তে ক্রীড়াঙ্গন বলা যায় অখেলোয়াড়দেরই দখলে।মর্যাদার দৃষ্টিকোণ থেকে মন্ত্রীদের কাছে ক্রীড়া মন্ত্রণালয়ের অবস্থান অনেক পেছনে। ফলে আমরা দেখেছি ডাকসাইটে কোনো খেলোয়াড় মেজর হাফিজ মন্ত্রী হলেও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেননি। অথচ এমন সাবেক খেলোয়াড়েরা ক্রীড়ামন্ত্রী হলেই ক্রীড়াঙ্গনের প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন রোগে জর্জরিত। একটি উদাহরণ দিই—বিকেএসপির মহাপরিচালক অসুস্থ থাকায় একজন ডেপুটি সেক্রেটারি ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিকেএসপিতে মহাপরিচালকের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। মন্ত্রণালয়ে বহু বছর থাকার পরও তিনি এই প্রথম বিকেএসপিতে গেলেন। অথচ যদি তাঁর পাসপোর্ট চেক করা হয় তাহলে দেখা যাবে, পৃথিবীর বিভিন্ন দেশে ক্রীড়া সেমিনার, কোচ সংগ্রহ, ক্রীড়া সরঞ্জাম বা ক্রীড়া পরিকাঠামো—এসব কারণে তাঁর পাসপোর্টটি বিদেশি ইমিগ্রেশন ‘সিলে’ ভরপুর। আর তাঁদের যখন চাকরি শেষ হয়, তখন আর এক দিনের জন্যও ক্রীড়াঙ্গনে আসেন না। এই ডেপুটি সেক্রেটারি সাহেব তো ক্রীড়া মন্ত্রণালয়ে থেকেও বিকেএসপিতে পদধূলি দেননি। এঁরা ক্রীড়াঙ্গনের মানুষ নন, আসেন ক্রীড়াঙ্গন থেকে ‘ক্রিম’টা খেতে। জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি ক্রীড়াঙ্গনকে শাসন করে থাকে। এই পরিষদেও একজন ক্রীড়াবিদ নেই। যাঁরা আছেন, বিভিন্ন ক্রীড়া উপলক্ষে বিদেশ ভ্রমণ শেষে সব ক্রীড়াজ্ঞান পকেটে ভরে উধাও হয়ে যান। তাহলে আমাদের লাভ কী হচ্ছে?স্বাধীনতার ৪০ বছর পরও আজ পর্যন্ত দেশে একটি মানসম্মত ক্রীড়া সরঞ্জাম তৈরির শিল্প-কারখানা হয়নি। দেশের বহু বড় বড় শিল্পপতি আছেন, যাঁদের কেউ কখনো ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত করার কারখানা গড়ার তাগিদ দেননি। আমাদের কাঁচামালের অভাব নেই, বল তৈরিতে যে চামড়ার প্রয়োজন প্রতি কোরবানিতে তার সরবরাহ নিশ্চিত। মাত্র চার ঘণ্টার দূরত্বে ভুটান, সেখান থেকে পাইনগাছ এনে তৈরি করা যায় ক্রীড়াসামগ্রীও। দেশ ভরে গেছে পোলট্রি ফার্মে। ব্যাডমিন্টনের শাটল তৈরিতে এই পালকও ব্যবহার সম্ভব। কিন্তু এসব নিয়ে ভাববে কে? ক্রীড়া মন্ত্রণালয় আর ফেডারেশনগুলো এখন অখেলোয়াড়দের দখলে। এসব নিয়ে না ভেবে এঁরা ইন্টারনেটে খুঁজে বেড়ান আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানসূচি, যাতে বিদেশ ভ্রমণ করা যায়।সে দিন শেষ হলো অ্যাথলেটিকস মিট। হ্যান্ড টাইমিং ব্যবহার হলো দৌড়ের সময় জানতে। প্রশ্ন করা যায়, কেন? আমরা কি আধুনিক যুগে বসবাস করছি না? কবে পাব ইলেকট্রনিক স্কোরবোর্ড? দক্ষিণ এশীয় বিচ ফুটবলে সোনাজয়ী বাংলাদেশ দলটি কেন দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবে না? যদি এরা সোনা জয় করে অভিনন্দনের যোগ্য বিবেচিত না হয়, তবে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর কেন ক্রিকেট দল অভিনন্দন পাবে? এই অভিনন্দনের জন্য তাদের অবগত করার দায়িত্ব কি ক্রীড়া মন্ত্রণালয়ের নয়?ক্রীড়া প্রতিমন্ত্রীর এখন সেই ক্রীড়া রোগে ধরেছে, যার নাম বিদেশ ভ্রমণ। এই ভ্রমণে আগেই বলেছি, ক্রীড়াঙ্গনের কোনো লাভ হয় না। ব্যক্তিগত লাভ হয়। যদি জাতীয় ক্রীড়া পরিষদের প্রত্যেক দায়িত্ববান কর্মকর্তার পাসপোর্ট যেকোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়, তাহলে দেশবাসী দেখতে পাবে এঁদের বিদেশ ভ্রমণের খতিয়ান। যার কোনোটাই আমাদের ক্রীড়াঙ্গনের জন্য কোনো সুফল বয়ে আনেনি।যে ব্যক্তি ক্রীড়া মন্ত্রণালয়ের কর্ণধার, যাঁর সময় মাত্র পাঁচ বছর, যিনি এই প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার আগে এই মহাসমুদ্রের পানি নোনা, না ঢেউ আছে কি না, না চোরাবালি আর হাঙরে পরিপূর্ণ, যার কিছুই জানতেন না, তাঁর দ্বারা এই ৪০ বছরের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব নয়। বরং তাঁর সময়কার সমস্যাগুলোও তিনি আরও বোঝা হিসেবে রেখে যাবেন। ক্রীড়াঙ্গন যাতে মাথা উঁচু করে থাকতে পারে, তার জন্য দেশের পরিকাঠামো শক্তপোক্তভাবেই আছে, শুধু নেই সময়োপযোগী প্রয়োগ। আমাদের একটি সংসদীয় ক্রীড়া কমিটি আছে। আচ্ছা এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী বা সংসদীয় ক্রীড়া কমিটির প্রধান, তাঁরা কি একবার দেশের বরেণ্য ক্রীড়াবিদদের ডেকে ছিলেন তাঁদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য? জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকা তো মন্ত্রণালয়ে আছেই, একবার তাঁদের সঙ্গে চা-চক্রে বসেও তো সমস্যা আর তার সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা করা যেত—কেন এ ব্যাপারে তাঁরা উদ্যোগী হলেন না? কারণ একটাই, ক্রীড়াবিদ সে যে মাপেরই হোক, তাঁরা এই রাজনীতিবিদদের কাছে উপেক্ষার বস্তু।এই দেশের ক্রীড়া উন্নয়নে প্রয়োজন একজন ‘টেকনোক্র্যাট’ ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর নিয়োগের প্রথম শর্তই হবে তিনি একজন খেলোয়াড়। একটি ধারণা প্রচলিত আছে, ক্রীড়াবিদেরা প্রশাসনিকভাবে সফল নয়। তাহলে প্রশ্ন করতে হয়, যাঁরা এত বছর ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন (তাঁরা তো খেলার ধারে কাছের মানুষই নন), তাঁরা কোন সফলতাটা দেখিয়েছেন? লেখক: বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক।