টেকসই বিনিয়োগে আট দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক পরিবর্তনে বিশ্বব্যাপী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই বিনিয়োগের জন্য তিনি আট দফা প্রস্তাব দিয়েছেন। গতকাল শনিবার কাতারের দোহায় শুরু হওয়া জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (আঙ্কটাড-১৩) ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব দেন। প্রস্তাবে খাদ্য ও কৃষিপণ্যের মূল্যের অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ন্ত্রণে কৃষি খাতে ব্যাপক সরকারি ও বেসরকারি বিনিয়োগ এবং উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগের বাধা অপসারণের কথা বলা হয়েছে। অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে: আন্তর্জাতিক উৎপাদনের ‘নন-ইক্যুইটি’ পদ্ধতির অনিয়ন্ত্রিত চাহিদা নিয়ন্ত্রণ, উন্নয়নশীল দেশগুলোর নিজেদের স্বার্থে বিকাশমান চাহিদার সংস্থান, পুঁজিপ্রবাহে স্থিতিশীলতা ও পরিবর্তনশীল করপোরেশন নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলায় রক্ষণশীল মনোভাব পরিহার। খবর বাসসের।ছয় দিনের এ সম্মেলন চলছে কাতার জাতীয় সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উন্নয়নশীল দেশগুলোতে এফডিআইয়ের বৈশ্বিক প্রবাহে সহায়তা করতে উন্নত দেশগুলোকে সুষম রাজনৈতিক বিশ্বাস ও সঠিক পদক্ষেপ গ্রহণ, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) রূপরেখার আওতায় ভর্তুকির মাত্রা নিয়ন্ত্রণে উন্নততর আন্তর্জাতিক সমন্বয় সাধন এবং শ্রমঘন ও উৎপাদন বৃদ্ধিমূলক বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন।উৎপাদনশীলতা বৃদ্ধি ও সর্বোচ্চ মুনাফা লাভের মাধ্যমে বিনিয়োগের ধরনেও পরিবর্তন ঘটছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে নানামুখী সুযোগ তৈরির লক্ষ্যে নিয়মিত সামঞ্জস্য বিধান করা হচ্ছে এবং রাষ্ট্রগুলো জনগণের স্বার্থগত ভারসাম্য প্রতিষ্ঠা ও ব্যবসা-বাণিজ্যে নতুন ধারা প্রবর্তনে প্রতিবন্ধকতা খুঁজে বের করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পরিপ্রেক্ষিতে স্বল্পমাত্রার কার্বন উন্নয়ন ও নতুন নতুন সেবার জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি শিল্প সম্পর্ক পরিবর্তনের আহ্বান জানান।সম্মেলন আয়োজনের জন্য আঙ্কটাড মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সামপ্রতিক বৈশ্বিক মন্দার কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে এ ধরনের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। মন্দার ফলে অনুন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে প্রচেষ্টারত উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের ঘোষিত অর্থনৈতিক সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যন্ত উদার ও আকর্ষণীয় বিনিয়োগ নীতির সুযোগ গ্রহণ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘আপনাদের বিনিয়োগের নিশ্চিত লাভজনক প্রাপ্তির পাশাপাশি আমাদের টেকসই উন্নয়নের পথে অগ্রসর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘অপর্যাপ্ত অবকাঠামো ও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই আমরা মহাসড়ক, বহুমুখী সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও সমুদ্রবন্দর নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) উৎসাহিত করছি।’সম্মেলনের উদ্বোধন করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ-বিষয়ক মন্ত্রী আহমেদ বিন আবদুল্লাহ আল-মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আঙ্কটাডের মহাসচিব সুপাচাই প্যানিট্চ পাকদি ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট টারজা কারিনা হালোনেন।কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে অবদানের জন্য বিশ্বের পাঁচটি সর্বোত্তম বিনিয়োগ সংস্থাকে ‘আঙ্কটাড বিনিয়োগ উন্নয়ন পদক-২০১২’ দেওয়া হয়েছে। দোহার ওয়েস্ট বে এলাকায় হোটেল সেন্ট রেজিসে গত শুক্রবার রাতে আয়োজিত বিশ্ব বিনিয়োগ ফোরাম (ডব্লিউআইএফ) ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট তারজা কারিনা হালোনেন উপস্থিত ছিলেন।