পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিজ উদ্দিনের মাথা ফাটানোর অভিযোগে তেজগাঁও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ১২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় ওই থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার আহমেদ বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। মামলায় হামলার ঘটনার পরপর আটক ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। পরে সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।আহত এএসআই সফিজউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রসঙ্গত, গতকাল দুপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভর্তি গাইড ও ফরম বিক্রি নিয়ে ওই ইনস্টিটিউটের আজিজ ও ওসমানী হোস্টেলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এএসআই সফিজ উদ্দিনের নেতৃত্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষই পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। একপর্যায়ে ইটের আঘাতে এএসএই সফিজ উদ্দিনের মাথা ফেটে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।