টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিলসহ দুটি বিল সংসদে উত্থাপিত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ সহ দুটি বিল আজ রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। অপর বিলটি হলো বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল-২০১০।বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বস্ত্র প্রকৌশল ও অগ্রসর প্রযুক্তির সঙ্গে সংগতি রক্ষার জন্য রাজধানীর তেজগাঁওয়ের কলেজ অব টেকনোলজিকে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেক্সটাইল নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতেই এ বিল আনা হয়েছে।বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিলটি উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, চিকিত্সাশিক্ষার মান বাড়ানো এবং চিকিত্সকদের মধ্যে সেবাধর্মী মানসিকতা সৃষ্টির জন্য বিলটি আনা হয়েছে। এই বিল পাস হলে ১৯৮০ সালের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট বাতিল হয়ে যাবে।দুটি বিলই পরীক্ষা-নিরীক্ষার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।দুটি প্রতিবেদন উপস্থাপন: সংসদে আজ যোগাযোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রতিবেদন দুটি পেশ করেন।এর আগে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন-২০০৯ উপস্থাপন করেন।প্রতিবেদন উপস্থাপনের পর সংসদের অধিবেশন আগামীকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।