টেক্সাসের দাবানল ‘পিশাচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের খরাকবলিত টেক্সাস অঙ্গরাজ্যে চলমান দাবানল ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে এক হাজারেরও বেশি বাড়ি। এছাড়া দাবানলে এ পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে এবিসি নিউজ সূত্রে জানা গেছে। টেক্সাসের বনবিভাগ এই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের দাবানলকে ‘পিশাচ’ হিসেবে বর্ণনা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার থেকে দাবানল ব্যাপক হারে ছড়িয়ে পরে। দাবানল অগ্নিনির্বাপণকর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। টেক্সাসের গভর্নর রিক পেরি বলেছেন, ‘মানুষ ও বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জনগণকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ১৯৫০-এর দশকের পর এবারই সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে টেক্সাস।