টেনিস ক্রিকেটে অংশ নিতে সৈয়দপুর দল ভারত যাচ্ছে
ভারতের উত্তর প্রদেশে গোরাখপুরে অনুষ্ঠেয় রাজীব গান্ধী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে সৈয়দপুরের ২৬ সদস্যের একটি দল ভারত যাচ্ছে। আগামী ২৫ অক্টোবর দলটি ভারতের উদ্দেশে রওনা হবে। ওই টুর্নামেন্টে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভারত ও বাংলাদেশ দল অংশ নেবে।টেনিস বল ক্রিকেট ফেডারেশন অব সৈয়দপুরের সাধারণ সম্পাদক নেছার আহমেদ জানান, বিশেষ ধরনের ওই ক্রিকেট টুর্নামেন্ট ভারতসহ এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ২০ সীমিত ওভারের ওই টুর্নামেন্টে টেনিস বল ব্যবহার হয়। বাদবাকি নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটের মতোই। ইতিমধ্যে ভারত ও নেপালে দুটি ফাইনাল খেলায় বাংলাদেশের সৈয়দপুর দল চ্যাম্পিয়ন হয়ে গোল্ডকাপ জিতেছে। প্রতিবছর বিভিন্ন দেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের আগামী ভেন্যু হচ্ছে থাইল্যান্ড। প্রতি চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।এশিয়ান ক্রিকেট ফেডারেশন আয়োজিত ওই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর। বাংলাদেশ ফেডারেশনের সভাপতি সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এ নিয়ে ২৪ আগস্ট সাবেক সাংসদ আলিম উদ্দিনের সভাপতিত্বে এক সভা হয়। সভায় বক্তব্য দেন এস এম ওবায়দুর রহমান, মহসিনুল হক, এম আর আলম, শওকত হায়াৎ শাহ্, শফিকুল ইসলাম, শাবাহাত আলী, এস এম সামস প্রমুখ।