একজনের প্রথম, আরেকজনের তৃতীয় শিরোপা। তা হোক, তবে তাঁদের সাফল্যের অনুভূতিটা প্রায় অভিন্ন। ইউএস ওপেন ২০১০ জয়ের পর এই সাক্ষাৎকারে স্পেনের রাফায়েল নাদাল ও বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি জানিয়েছেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও গতবার যখন অবসর ভেঙে খেলতে এলেন, আপনাকে বলা হচ্ছিল ‘কিমডারেলা’। গতবার তো প্রত্যাশার চাপ ছিল না। কিন্তু এবার নিশ্চয়ই সেটা অনুভব করেছেন?কিম ক্লাইস্টার্স: ২০০৬ সালেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইউএস ওপেন খেলেছি। কিন্তু সেবার শিরোপা ধরে রাখতে পারিনি। যেটি আমার জন্য চিরকালীন আক্ষেপ হয়েই থাকবে। এবার আমি প্রথমবারের মতো শিরোপা ধরে রাখতে পেরেছি। আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। আসলে গত বছরের তুলনায় এই বছরটা অনেক বেশি ব্যস্ততায় কেটেছে। গত বছর তো আপনারা জানেনই, পরিস্থিতি অন্য রকম ছিল। মাত্রই অবসর থেকে ফিরেছিলাম বলে সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে ছিল, আমি কেমন খেলি তা দেখার জন্য। আর এবার এই টুর্নামেন্টে আমার রেকর্ডের কারণে অনেকেরই প্রত্যাশা তো ছিলই। মেয়ে কী বলল? ও বোঝে, আপনি কত বড় ট্রফি জিতেছেন?ক্লাইস্টার্স: ও তো আসলেই খুব ছোট। মাত্র আড়াই বছর বয়স। আমার মনে হয় না আমি জিতলে বা হারলে ওর কিছু আসে যায় (হাসি)। ওকে বুঝিয়ে বলেননি?ক্লাইস্টার্স: না। আসলে ওর সবকিছু বোঝার ক্ষমতা এখনো হয়নি। ওর এই ব্যাপারটাই আমার ভালো লাগে। এই বয়সী শিশুদের আবেগ-অভিব্যক্তি সবই সহজাত। বানোয়াট কিছু নেই। ও জানে জিতলে একটা ট্রফি পাওয়া যায়—এই পর্যন্তই। আপনার এই জয়কে চমক বলা যাবে না। তবে ভেরা জোভোনারেভার বিপক্ষে যে রকম দাপট দেখিয়ে একপেশে ম্যাচ খেলে জিতলেন...আপনি নিজেও কি খানিকটা বিস্মিত হননি?ক্লাইস্টার্স: ওর বিপক্ষে এর আগে দুটো ম্যাচ হেরেছিলাম। এর একটা ছিল গত উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল। আমি মোটেও ওই ম্যাচ দুটোতে ভালো খেলিনি। এবার ফাইনালে খেলতে পেরেই আমি রোমাঞ্চিত ছিলাম। তা ছাড়া প্রতিশোধ নেওয়ার একটা ব্যাপারও ছিল। আসলে ওর বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থেকে আমি বেশ কিছু জিনিস শিখেছিলাম। আমার কোচও বেশ কিছু নোট নিয়েছিলেন। ফাইনালে নামার আগে বিষয়গুলো আমার মাথায় ছিল। ওভাবেই খেলতে চেয়েছি। মেয়েদের এককে শিরোপা ধরে রাখার এই কৃতিত্ব আপনার আগে সর্বশেষ দেখিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। সেটাও প্রায় দশ বছর আগে। আপনি কি মনে করেন, কাজটা এখন আসলেই এতটা কঠিন হয়ে গেছে?ক্লাইস্টার্স: আসলে গ্র্যান্ড স্লাম সব সময়ই কঠিন। পুরো সাতটি ম্যাচ, দুই সপ্তাহজুড়েই আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে। শুধু টেনিসটাই নয়, এখানে আরও অনেক কিছুই জড়িয়ে থাকে। কাজটা কঠিন তো অবশ্যই। তা ছাড়া এটা বছরের শেষ টুর্নামেন্ট বলে ক্লান্তিও একটা প্রভাবক হয়ে ওঠে। যাই হোক, শিরোপা ধরে রাখতে পেরে আমি খুবই আনন্দিত। মেয়ে বড় হচ্ছে। সংসারও আছে। যার জন্য একবার টেনিসই ছেড়ে দিয়েছিলেন। এখন কীভাবে ভারসাম্য ধরে রাখছেন? আর কত দিন খেলতে চান?ক্লাইস্টার্স: আমার আপাতত লক্ষ্য ২০১২ অলিম্পিক পর্যন্ত খেলা। এরপর সব দেখে ভেবে সিদ্ধান্ত নেব। আসলে ভবিষ্যতে কী হবে কে জানে। তা ছাড়া ইনজুরি... আমি ক্যারিয়ারের সব সময়ই ইনজুরি-মুক্ত থাকতে চেষ্টা করেছি। যত দিন ভালো খেলব, তত দিনই চালিয়ে যেতে চাই। যত দিন টেনিস আর আমার পরিবারের মধ্যে ভারসাম্য ধরে রাখতে পারব, খেলে যাব। জাডার তো এখনই স্কুলে যাওয়ার বয়স হয়নি। হলে তখন হয়তো অন্য চিন্তা করতে হবে।কিম ক্লাইস্টার্সদেশ: বেলজিয়ামজন্ম: ৮ জুন, ১৯৮৩জন্মস্থান: বিলজেন, বেলজিয়ামউচ্চতা: ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চিওজন: ৬৮ কেজিপেশাদার টেনিসে আগমন: ১৯৯৭খেলার স্টাইল: ডানহাতি (ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড)ক্যারিয়ার রেকর্ডএককে ৪৭৬-১১৩সাফল্যের হার ৮০.৮ শতাংশডব্লুটিএ শিরোপা: ৩৯টিগ্র্যান্ড স্লাম শিরোপা: ৩টি; ইউএস ওপেন ২০০৫, ২০০৯, ২০১০বর্তমান র্যাঙ্কিং: ৫সেরা র্যাঙ্কিং: ১ভাষান্তর: রাজীব হাসান