টেন্ডারবাজির অভিযোগে আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের তালা
ভোলা শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে টেন্ডারবাজি ও লুটপাটের অভিযোগ এনে সমাবেশ করেছেন। পরে তাঁরা মিছিল নিয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর বিক্ষোভ মিছিলটি ভোলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রথমে জাহানারা মার্কেট নামের বিপণিবিতানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুসের ব্যক্তিগত কার্যালয়ে, এরপর বাংলা স্কুল মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। বাংলা স্কুল সড়কের ওপর বেঞ্চ ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করে তাঁরা সমাবেশ করেন। প্রায় ১৫ মিনিটের অবরোধে সড়কে যানজট তৈরি হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইয়্যাত হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের পৌর কমিটির নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক, ভোলা কলেজ শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য মো. নাজিম প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এলজিইডি, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ প্রতিটি প্রকৌশলীর দপ্তরে দুই শতাধিক কোটি টাকার টেন্ডারবাজি হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের জ্যেষ্ঠ নেতারা একেকজন কমপক্ষে ১০ কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু বিগত সময়ে রাজপথে যারা শ্রম দিয়েছে, কষ্ট সয়েছে তারা কিছুই পায়নি। চলতি বছরেও প্রায় ১০ কোটি টাকার টেন্ডারবাজির ঘটনা ঘটেছে। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলজিইডির তত্ত্বাবধানে জেলায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকার ঠিকাদারি কাজ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা ভাগাভাগি করে নেন বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পারেন। এতে সংগঠনের জেলা কমিটি বিক্ষুব্ধ হয়ে গতকালের কর্মসূচি দেয়।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, ভোলায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়ে গেছে। যারা এ কাজ করেছে তারা ছাত্রও না, ছাত্রলীগও না। তারা সন্ত্রাসী। তারা জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তালা লাগানোর ব্যাপারে ফজলুল কাদের বলেন, দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রয়োজনে মামলা করবেন। জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমার বাবার অসুস্থতার কারণে আমি ও সাধারণ সম্পাদক বরিশালে। অথচ আমাদের ছাড়াই জ্যেষ্ঠ নেতারা টেন্ডারবাজি করে ভাগবাটোয়ার কাজ করেছে। এতে ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কমিটির মেয়াদ প্রসঙ্গে মোস্তাক আহাম্মেদ বলেন, টেন্ডারবাজির অভিযোগ চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি ছাত্রলীগের মেয়াদ নেই বলে ধুয়ো তুলছে। জেলা কমিটির মেয়াদ গত বছর শেষ হলেও কেন্দ্রীয় কমিটি এখনো কোনো চিঠি দেয়নি। শিগগিরই ছাত্রলীগের সম্মেলন ডাকা হবে।ছাত্রলীগের কর্মসূচির সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান শেখ বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। খবর পেয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ পাঠানো হয়।