টেন্ডারে জড়িত নেতা-কর্মীদের বোঝাবেন মন্ত্রী-সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডার নিয়ে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে, সে ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের বোঝাবেন সরকারি দলের সাংসদ, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। পাশাপাশি সন্ত্রাস রোধে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরাও কঠোর ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেন, বিরোধী দল দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। সভায় বলা হয়, আইনশৃঙ্খলার সঙ্গে টেন্ডারের যোগসূত্র রয়েছে। সারা দেশে টেন্ডারের সঙ্গে সরকারি-বেসরকারি প্রভাবশালী মহল জড়িত। টেন্ডার-সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কোনো সিদ্ধান্ত নিলে ওই ব্যক্তিরা এর বিরুদ্ধে অবস্থান নেয়। ফলে বিষয়টি আইনশৃঙ্খলার ওপর প্রভাব ফেলে।সভার সূত্র জানায়, এ ব্যাপারে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, টেন্ডারবাজি ও টেন্ডার-সন্ত্রাসের ব্যাপারে সারা দেশে মন্ত্রী-সাংসদেরা সরকারদলীয় নেতা-কর্মীদের বোঝানোর দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, পোশাক কারখানাগুলোর সহিংস ঘটনা নিয়ে সভায় আলোচনা হয়। এতে বলা হয়, সরকারবিরোধী চক্র বহিরাগতদের দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব করাচ্ছে। তৈরি পোশাক কারখানার নিরাপত্তার জন্য শিল্প-পুলিশের কার্যক্রম চালু করার ওপর জোর দেওয়া হয়।সভায় আহ্কামে শরিয়ত হেফাজত কমিটির নামে একটি প্রচারপত্র ছাড়া হয়েছে জানিয়ে বলা হয়, এর শিরোনাম হলো ইসলামী রাজনীতি বন্ধে ষড়যন্ত্র প্রতিহত করুন। এই সংগঠনের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সভায় বলা হয়, তাদের প্রচারপত্রে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আলোচনার পর আহ্কামে শরিয়ত হেফাজত কমিটি নামের সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বর্তমান সরকারকে নাজেহাল করার চেষ্টা চলছে। ষড়যন্ত্রকারীরা এ ব্যাপারে তত্পরতা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা সরকারকে নাজেহাল করছে। এরা কারা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই ষড়যন্ত্রকারী।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, তাঁর নিরাপত্তায় গাড়ি ও পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রকমে তারা চেষ্টা-চরিত্র চালিয়ে যাচ্ছে, বিএনপি খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিজেরা বোমা মেরে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার বিঘ্নিত করার চেষ্টা করছে বিরোধী মহল। তারা যখন ক্ষমতায় ছিল, তখনো এগুলো করেছে, এখন ক্ষমতার বাইরে থেকেও করছে।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আইনমন্ত্রী শফিক আহমেদ, শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের আইজি নূর মোহাম্মদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।