টেন্ডুলকার প্রিয়, লারা আদর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে বিমানবাহিনীর মাঠে অনুশীলন করছিল ওয়েস্ট ইন্ডিজ। দূর থেকে এক ব্যাটসম্যানের ব্যাটিং দেখে চমকে উঠলেন অনেকেই। ব্যাটিংটা ঠিক লারার মতো লাগছে না! তবে কি অবসর ভেঙে মাঠে ফিরেছেন লারা? না, লারা ফেরেননি। তাঁর স্মৃতি ফিরিয়ে এনেছেন ড্যারেন ব্রাভো।ডোয়াইন ব্রাভোর ছোট ভাইটির ব্যাটিং স্টাইল অনেকটাই লারার মতো। ব্রাভো নিজেও ভালোমতোই এটি জানেন। জ্ঞাতি মামা ব্রায়ান লারাকে সব সময়ই আদর্শ মেনে এসেছেন ব্রাভো। স্বয়ং লারাও বলেছেন, ড্যারেনের মধ্যে নিজের ব্যাটিংয়ের ছায়াটাই দেখেন তিনি। রোল মডেলের কাছ থেকে এমন মন্তব্য শুনে কার না ভালো লাগে? লারার কথায় তাই উচ্ছ্বসিত ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে লারা রোল মডেল হলেও ব্রাভোর প্রিয় খেলোয়াড় টেন্ডুলকার, ‘শচীন টেন্ডুলকার অবশ্যই আমার প্রিয় খেলোয়াড়। যেভাবে সে ব্যাট করে, তা দেখে আমি শেখার চেষ্টা করি।’ শিখছেন বড় ভাই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর কাছ থেকেও। অভিজ্ঞতার ঝুলি থেকেই ছোট ভাইকে কিছু দিচ্ছেন ডোয়াইন। দুই ভাইয়ের সম্পর্কটাও চমৎ কার। ৯০-এর দশকে ওয়াহ বা ফ্লাওয়ার ভাইয়েরা প্রতিপক্ষকে যেভাবে শাসন করেছেন, ক্যারিবিয়ানদের হয়ে তেমনটাই করতে চান ব্রাভো ভাইয়েরা। দলের অন্য সদস্যরাও দারুণ বন্ধুসুলভ। তিন টেস্ট ও ১৩ ওয়ানডে খেলা এই বাঁ-হাতি যেকোনো প্রয়োজনেই পাশে পাচ্ছেন রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দরপলের মতো সিনিয়রদেরও। একে তো লারার ভাগ্নে, তার ওপর খেলেনও লারার মতোই। ক্যারিবিয়ানদের অনেক প্রত্যাশা ব্রাভোর কাছে। প্রত্যাশা মেটাতে বিশ্বকাপেই জ্বলে উঠতে চান তিনি। যেকোনো তরুণ খেলোয়াড়ের জন্য জ্বলে ওঠার দারুণ এক মঞ্চ বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে তাই দারুণ উজ্জীবিত ব্রাভো। খেলবেন ঠিক লারার জায়গায়, তিন নম্বরে। তবে লারা কিংবা টেন্ডুলকার নয়, বিশ্বকাপে ভালো খেলে নিজের নামেই পরিচিত হতে চান ব্রাভো, ‘ব্রায়ান লারা আমার রোল মডেল। তবে আমি শুধু আমার স্বাভাবিক ব্যাটিংটাই করব।’ নিজেকে চেনানোর জন্য বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ তো আর হয় না, ‘এটা এমন একটা জায়গা যেখানে আপনি পারফর্ম করতে চাইবেন এবং বিশ্ব আপনাকে চিনবে।’ ২০০৯-এ ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল ব্রাভোর। তার ওপর চ্যাম্পিয়নস লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে খেলে গিয়েছেন ভারতে। ভারতের কন্ডিশনটা জানেন। ভালো কিছু করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ব্রাভো জুনিয়র, ‘আমাদের দলটি তরুণ। আমরা বেশ আত্মবিশ্বাসী। দেশের মানুষ ততটা আশাবাদী নয়, কিন্তু আমরা জানি যদি সবাই মিলে একটা দল হিসেবে খেলি, অবশ্যই ভালো ফল পাব।’ বলেছেন ব্রাভো।২৪ ফেব্রুয়ারি দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের এবারের বিশ্বকাপ অভিযান। ওয়েবসাইট