টেন্ডুলকারকে টপকে গেলেন শেবাগ
গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন টেন্ডুলকার যখন কীর্তিটা গড়লেন, বলা হচ্ছিল, এ যে নিল আর্মস্ট্রংয়ের কীর্তি, চাঁদের মাটিতে এঁকে দেওয়া প্রথম পদচিহ্ন। তাহলে বীরেন্দর শেবাগ কি আজ অলড্রিন? ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন এই ভারতীয় ওপেনার। তবে অলড্রিন যেমন আর্মস্ট্রংয়ের ছায়ার আড়ালে, শেবাগ কিন্তু শচীন-বলয়ে থাকলেন না। টেন্ডুলকারকে (২০০*) ছাপিয়ে গিয়ে হয়ে গেলেন ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের মালিকও। কাল ভারতের ইন্দোরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চতুর্থ ম্যাচে শেবাগের ২১৯ রানের ঝড় ভারতকে নিয়ে তোলে ৪১৮ রানের পাহাড়ে।তাঁর ১৪৯ বলের ইনিংসটায় আছে ২৫টি চার ও ৭টি ছক্কা। এক ইনিংসে সবচেয়ে বেশি চার মারার টেন্ডুলকারের রেকর্ডটাও ছুঁয়ে ফেলেছেন টেস্টের দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। কেবল ১৪২ রানই এসেছে চার-ছক্কা থেকে—এখান থেকেই বুঝে নেওয়া যায় ইনিংসটা কতটা ‘শেবাগী’য় (নাকি দানবীয়?) ছিল। ১৭০ রানে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি তাঁর ক্যাচ ফেলেন এক্সট্রা কভারে। শেষ পর্যন্ত আউট হয়েছেন কাইরন পোলার্ডের বলে।