টেন্ডুলকারের শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বছরে গৌণ হয়ে যায় আর সবকিছুই। ২০১১ তাই সবকিছুর আগে বিশ্বকাপের বছর। বিশ্বকাপের আঁচ এরই মধ্যে ক্রিকেট-বিশ্বে লাগতে শুরু করেছে। এই প্রথম কোনো খেলার বিশ্বসেরা প্রতিযোগিতার স্বাগতিক বাংলাদেশ, টুর্নামেন্টের আঁচ লাগতে শুরু করেছে অনেক আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোধ হয় লেগেছে সবচেয়ে আগে, না হলে বিশ্বকাপের চার মাস আগেই কেন ‘আদর্শ প্রস্তুতির’ জন্য একটি টেস্টকে দুটি ওয়ানডে (নিউজিল্যান্ড সিরিজে) বানিয়ে ফেলা হবে!এ ঘটনা আরেকটা প্রশ্নও তুলে দিচ্ছে। হয়তো সবকিছুর আগে বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপই কি সব? এক দিক থেকে চিন্তা করলে বাংলাদেশে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে আজই, টিকিট বিক্রির শুরু দিয়ে। টিকিট কেনা নিয়ে কিছুদিন ধরেই সে কী উত্তেজনা। ঠিক এ মুহূর্তে উত্তেজনা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায়ও। তবে বিশ্বকাপের নয়, ক্রিকেটের আদি ও অকৃত্রিম সংস্করণের। অস্ট্রেলিয়ায় চলছে ‘ঐতিহ্যের লড়াই’ আর দক্ষিণ আফ্রিকায় ‘সময়ের লড়াই’। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়ছে ভারত। শতাব্দীপ্রাচীন অ্যাশেজে তিন নম্বর দল ইংল্যান্ডের মুখোমুখি চার নম্বর অস্ট্রেলিয়া। দুটো সিরিজেই জমে উঠেছে উত্তেজনা। এই দুই সিরিজের চার দেশের ক্রিকেটপ্রেমীদের অন্যদিকে তাকানোর ফুরসত কোথায়?টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ, এই চার দলের বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হবে ওই দুই সিরিজ দিয়ে। তাই বলে কিন্তু বিশ্বকাপকেই ধ্যানজ্ঞান মেনে বসে নেই তাঁরা। ভারতের দিকেই তাকান, কাঁধে সামান্য চোট আছে বলে বিশ্রাম দেওয়া দরকার তাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে। সেই বিশ্রাম তাঁকে দেওয়া হলো ওয়ানডে সিরিজে। তবে আজ থেকে কেপটাউনে শুরু হওয়া তৃতীয় টেস্টে কিন্তু শেবাগ ঠিকই খেলছেন! কিংবা শুনুন অ্যান্ডি ফ্লাওয়ারের কথা। মেলবোর্ন টেস্ট জয়ের পর বাঁধভাঙ্গা উল্লাস দেখে শিষ্যদের প্রতি ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচের সতর্কবার্তা, ‘এখনো অনেক কাজ বাকি আমাদের। টেস্ট র‌্যাঙ্কিংয়ে আমরা এখন তিন-চার নম্বরে, র‌্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে অনেক ওপরে উঠতে হবে।’ ইংল্যান্ড যেমন কখনো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেনি, তেমনই ৫০ ওভারের বিশ্বকাপটাও জেতেনি। ফ্লাওয়ার তো বিশ্বকাপের কথা বললেন না! তার মানে এই না যে ভারত বা ইংল্যান্ড বিশ্বকাপ জিততে চায় না। তবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেটা তারা ভালোভাবেই বোঝে। তার পরও যদি ব্যাপারটা পরিষ্কার না হয়, তাহলে শচীন টেন্ডুলকারের কথাটা মনে করুন। ভারত যেদিন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল, টেন্ডুলকার বলেছিলেন, ‘আমার জীবনের সেরা মুহূর্ত!’তবে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়ে দিতে পারলে আবার পাল্টে যেতে পারে ওই টেন্ডুলকারের প্রিয় মুহূর্ত। একে তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তার ওপর আবার দেশের মাটিতে, জিততে পারলে বিশেষ কিছু না হয়ে পারেই না। টেন্ডুলকারের মতোই বিশ্বকাপ জিততে মনে প্রাণে চাইবেন আরেক আধুনিক গ্রেট রিকি পন্টিংও। তাঁর সামনে হাতছানি টানা চতুর্থবার ও অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার। একসময় অস্ট্রেলিয়ার জনপ্রিয়তম ক্রিকেটারদের একজন ছিলেন পন্টিং। গত বছর দুয়েকে সে জনপ্রিয়তায় ব্যাপক ভাটার টান। তা আবার ফিরিয়ে আনতে পারে কেবল বিশ্বকাপ জয়ই।গত বছরের মতো ভারত এবারও টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শুরু করছে। ডারবান টেস্ট জিতে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের হেরফের হচ্ছে না। তবে একসময়ের অস্ট্রেলিয়ার মতো সবার ধরাছোঁয়ার বাইরে যেতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এমনকি শ্রীলঙ্কাও বছরজুড়ে তাড়া করে বেড়াবে তাদের। এই চারটি দলকে র‌্যাঙ্কিংয়ে আলাদা করে রেখেছে মাত্র ৭টি পয়েন্ট। তবে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ, সেই সেপ্টেম্বরের আগে আর কোনো টেস্ট নেই তাদের। সেপ্টেম্বর-অক্টোবরে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিয়ে শুরু হবে তাদের এক নম্বর পুনরুদ্ধারের মিশন। ডিসেম্বরে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা অবশ্য বিশ্বকাপ থেকেই দারুণ ব্যস্ত সময় কাটাবে। বিশ্বকাপের পরপরই সাঙ্গাকারা বাহিনী যাবে ইংল্যান্ডে, আগস্টে দেশের মাটিতে সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, ডিসেম্বরে ৮ বছর পর দক্ষিণ আফ্রিকায় যাবে প্রথম পূর্ণাঙ্গ সিরিজে।এপ্রিলে বাংলাদেশ সিরিজটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আগস্টে শ্রীলঙ্কা সফর দিয়েই তাই সম্ভবত অ্যাশেজের পর প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তবে সেই অস্ট্রেলিয়া দলটাকে চেনা যাবে কি না, এটা নিয়েও আগ্রহ কম নেই। অ্যাশেজ ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার পর দলের খোলনলচে পাল্টে দেওয়ার দাবি এখন অস্ট্রেলিয়াজুড়ে। পরের টেস্টটা এত দেরিতে খেলাও অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের জন্য স্বস্তির। সময় নিয়ে ভেবেচিন্তে এগোতে পারবে তারা। যথারীতি বছরজুড়ে ব্যস্ত থাকবে ভারত। মে-জুনে ওয়েস্ট ইন্ডিজে চার টেস্ট-পাঁচ ওয়ানডের সিরিজ, একই সমান ম্যাচ জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ইংল্যান্ড সফরেও। এরপর দুই দলের বিপক্ষেই দেশের মাটিতে ফিরতি সিরিজ, ডিসেম্বরে। প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে যাবে অস্ট্রেলিয়ায়। নানা প্রতিকূলতায় চলতে থাকা পাকিস্তানের জন্য সুখবর, এ বছর অনেক ম্যাচ আছে তাদের। বিশ্বকাপের পরপরই ছয় বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে ক্যারিবিয়ানে যাবে পাকিস্তান। আগস্টে তাদের জিম্বাবুয়ে সফর। বছরের শেষ দিকে ঘরের মাটিতে সিরিজ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। তবে ‘ঘর’টা কোথায় হবে, সেটা ঠিক হয়নি এখনো। এ বছরও পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।৫ বছরের নির্বাসন কাটিয়ে মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফেরার কথা জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়া সিরিজটা না হলে জিম্বাবুয়েতেই বাংলাদেশ খেলবে বছরের প্রথম টেস্ট। তবে জিম্বাবুয়ের মতো টেস্ট অঙ্গনটা অচেনা লাগতে পারে বাংলাদেশেরও, ৫ বছর হয়তো নয়, তবে ১১ মাসের বিরতিও তো কম নয়! বাংলাদেশের পরের সিরিজ সেপ্টেম্বর-অক্টোবরে, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বছর শেষে দেশের মাটিতেই সিরিজ পাকিস্তানের বিপক্ষে।ও, হ্যাঁ, টেস্ট-ওয়ানডের ভিড়ে টি-টোয়েন্টিও থাকবে সমান দাপটে। একটি-দুটি টি-টোয়েন্টি প্রায় প্রতি সিরিজেই আছে। আর আইপিএল-চ্যাম্পিয়নস লিগ তো আছেই। অনেক ক্রিকেটারই নতুন বছরের দ্বিতীয় সপ্তাহটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন বুঝতে পারছেন না? ভাগ্যের দুয়ার খুলে দেওয়া আইপিএলের নিলাম যে ৯-১০ জানুয়ারি! আরিফুল ইসলাম