টেন্ডুলকারের ‘হাঁটা’
রবি রামপলের বল তাঁর ব্যাটের কানায় লেগেছে কি না, আম্পায়ার স্টিভি ডেভিস নিশ্চিত ছিলেন না। উইকেটরক্ষক ডেভন টমাস বল ধরেই লাফিয়ে উঠলেন। শচীন টেন্ডুলকার আম্পায়ারকে নিশ্চুপ দেখে নিজেই শুরু করে দিলেন ‘হাঁটা’। গন্তব্য প্যাভিলিয়ন।তাঁর শততম সেঞ্চুরি দেখতে উদ্গ্রীব চিদাম্বরম স্টেডিয়াম ততক্ষণে স্তব্ধ। কিন্তু টেন্ডুলকার এই জনতাকে উল্লাসে ভাসানোর জন্য নিজের সঙ্গে প্রতারণা করেননি। নিজেকে আউট মনে করেছেন, তাই এক মুহূর্তও দেরি করেননি ক্রিজ ছাড়তে। মনে করিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্টকে। আম্পায়ার আউট না দিলেও যিনি নিজেকে নিজে আউট ঘোষণা করে একাধিকবার ফিরে গেছেন ড্রেসিংরুমে।ব্যাটসম্যানের এই ‘হাঁটা’ নিয়ে বিতর্ক কম হয়নি। টেন্ডুলকারের এই বিখ্যাত ‘হাঁটা’ এখানকার বাজারকে বেশ গরম করে দিয়েছে। শুরু হয়ে গেছে অন্যদের উদাহরণ টানা। রিকি পন্টিং যেমন এই স্বেচ্ছায় ‘হাঁটা’ একদমই পছন্দ করেন না। যার উদাহরণ অস্ট্রেলীয় অধিনায়ক আগের দিনই রেখেছেন প্রেমাদাসায় পাকিস্তানের বিপক্ষে তাঁদের শেষ গ্রুপ ম্যাচে, যেটিতে হেরে শেষ হয়েছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দীর্ঘ জয়রথ।মোহাম্মদ হাফিজের বলে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ক্যাচ দিয়ে পন্টিং নাকি জানতেন তিনি আউট। কিন্তু ক্রিজ ছাড়েননি। আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করলেও রিভিউতে ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে গেছেন পন্টিং।‘বল ব্যাটের কানায় লেগেছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমি সব সময় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি। এভাবেই আমি ক্রিকেটটা খেলি’—বার্তা সংস্থাকে বলেছেন পন্টিং।এখন প্রশ্ন হচ্ছে, পন্টিং কাজটা ঠিক করেছেন কি না। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস সমর্থন করছেন পন্টিংকে, ‘এখন আউটের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য একটা পদ্ধতি (রেফারেল) চালু হয়েছে। আপনি সেটা না দেখেই চলে যেতে পারেন না। মাহেলা জয়াবর্ধনেকেও আমরা এই সুযোগটা নিতে দেখেছি।’ওয়াকার যোগ করেছেন আরও, ‘ব্যাটসম্যান যখন নিজেই হেঁটে চলে যায়, সেটি দেখতে খুব ভালো লাগে। তবে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা খেলারই অংশ।’যে যেভাবেই দেখুন, টেন্ডুলকারের কাছে এসব যে যুক্তিহীন, তা বুঝিয়ে দিয়েছেন পরশু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। প্রযুক্তির চোখও অনেক সময় এড়িয়ে যায়, তখন সুযোগটা নেন ব্যাটসম্যান। কিন্তু মানুষটা টেন্ডুলকার বলে নিজের মনের কাছেই বেশি দায়বদ্ধ!