টেবিলের ক্রিকেটে এ কেমন পারফরম্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ও তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের অনুরোধে সিরিজের দুই মাস আগে দুটি টেস্টের পরিবর্তে দুটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে উপমহাদেশের মাটিতে টেস্টের চেয়ে ওয়ানডে খেলতেই নাকি কিউইরা বেশি আগ্রহী। বিপত্তিটা এখানেই। যে নিউজিল্যান্ড দল বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার প্রয়োজনীয়তা দেখছে না, সেই দলই আবার ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে কয়েক দিন পর। কিউইরা বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার প্রয়োজনীয়তা দেখছে না, নাকি বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ দেখাচ্ছে না, সে প্রশ্ন হারিয়ে গেছে নিউজিল্যান্ড ক্রিকেটের কূটনীতিক তৎপরতায়। কিন্তু বিসিবি কেন এ প্রস্তাবে রাজি হলো ব্যাপারটা বোধগম্য নয়। বাংলাদেশ যখন কিউইদের বিপক্ষে ওয়ানডে খেলছে, তখনো কিন্তু ভারত ও অস্ট্রেলিয়ার মতো দল টেস্ট খেলছে। বলা হয়, একজন ক্রিকেটার যখন শতভাগ খেলার মতো ফিট থাকে, তখন সে আপনাআপনি সীমিত ওভারের ক্রিকেটে ভালো করে। কিউইদের বিপক্ষে টেস্ট খেললে আমরা বুঝতে পারতাম, আমাদের প্লেয়ারদের টেম্পারামেন্টের কোনো ঘাটতি আছে কি না। কিন্তু সেটা হলো না টেবিলের ক্রিকেটে বিসিবির ব্যর্থতায়।বিস্মিত হলাম ৪ অক্টোবর সকালে পত্রিকায় চোখ রেখে। সিরিজ শুরুর আগে মিরপুরে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিদের। যেখানে সব ক্রিকেট বোর্ড সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে গোপনীয়তা রক্ষা করে, সেখানে বিসিবি করল ঠিক উল্টোটা। অথচ এই কিউইদের বিপক্ষে সিরিজেই গত ফেব্রুয়ারিতে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে চেয়ে অপমানিত হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সেই অপমানের শোধ বিসিবি তুলবে কি, উল্টো ‘শেয়ালের কাছে মুরগি গচ্ছিত রাখার মতো ঘটনা ঘটিয়ে ফেলল।’ এর আগেও গত মার্চে ইংল্যান্ড ক্রিকেট দলকে টেস্ট ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল বোর্ড। এখন প্রশ্ন হচ্ছে টেবিলের ক্রিকেটে বোর্ডের নতজানু পারফরম্যান্স আর কত দিন? অন্য ক্রিকেট বোর্ডকে খুশি করে সুবিধা আদায় করা যায় না এর প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুশি করতে গিয়ে আইসিএল ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছিল। বিনিময়ে বিসিসিআই কি দিয়েছে আমাদেরকে? ক্রিকেটের সাফল্যের জন্য মাঠের পারফরম্যান্সটা অবশ্যই জরুরী, কিন্তু মাঠের বাইরেও দরকার বোর্ডের কূটনীতিক দক্ষতা। বিসিবি সেই দিকে নজর দেবে আশা করি। সেই সঙ্গে একটি অনুরোধ নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট দুটি যেন ২০০৯ সালের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের মতো হারিয়ে না যায়।আহমেদ রবিন, মুগদাপাড়া, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।