টেম্পোকে ট্রাকের চাপা, ১১ প্রাণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে গতকাল রোববার সবজিবাহী ট্রাক যাত্রীবাহী একটি টেম্পোকে চাপা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। নিহত ব্যক্তিরা হলো: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার, তাঁর মেয়ে সুমাইয়া পারভীন (৭) ও সুরাইয়া পারভীন (চার মাস); ঝিনাইদহের হাটগোপালপুরের আবুল কাশেমের স্ত্রী শাহেরা বেগম (৩০), তাঁর ছেলে সোহাগ (১২) ও মেয়ে মদিনা (২); ভবানীপুরের জিৎ গ্রামের আবু তালেবের স্ত্রী জরিনা খাতুন (৪৫); কালা লক্ষ্মীপুরের সাইফুল ইসলামের ছেলে সজীব হোসেন (৬); পুটিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আবু বকর সিদ্দিক (২৮); হাটগোপালপুরের ইসমাইল হোসেনের ছেলে আল আমিন (২২) এবং রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আকশুক্না গ্রামের দেবেন্দ্রনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ (৪২)। দুর্ঘটনায় একমাত্র আহত শিরিনা আক্তারকে (৩৫) অচেতন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহের হাটগোপালপুর থেকে একটি টেম্পো ১২ জন যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। সাঁইত্রিশ এলাকায় পৌঁছে চালক টেম্পোটি রাস্তার পাশে রেখে পাশের একটি দোকানে টাকা ভাংতি করতে যান। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা সবজিবাহী একটি ট্রাক টেম্পোটিকে চাপা দেয়। টেম্পোটি দুমড়েমুচড়ে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে। দুর্ঘটনার পর ট্রাক ও টেম্পোর চালকেরা পালিয়ে যান।প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তাঁরা রশি দিয়ে টেম্পোটি খাদ থেকে তুলে এনে ভেতরে থাকা কয়েকটি লাশ উদ্ধার করেন। অন্য কয়েকটি লাশ খাদ থেকে উদ্ধার করা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য সব মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা গতকাল সন্ধ্যায় সদর হাসপাতালে ভিড় করে। এ সময় হাসপাতাল চত্বরে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।অন্যদিকে দুর্ঘটনার পর শত শত স্থানীয় বাসিন্দা ওই সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে গতি নিয়ন্ত্রক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।