টেম্পোকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ শুক্রবার ভোরে ট্রেনের ধাক্কায় টেম্পোর তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। উপজেলার কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে কলেজ রোড রেলক্রসিংয়ে সিগন্যাল বার না থাকায় যাত্রীবাহী একটি টেম্পো রেললাইনে উঠে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ওই টেম্পোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।নিহত যাত্রীদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: কালিয়াকৈর উপজেলার ডোবাইল এলাকার টেম্পোচালক মো. রিপন (৪০) ও একই এলাকার বিদ্যা (৩০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ট্রেন আসার সময় সিগন্যাল বার না ফেলায় এ দুর্ঘটনা ঘটে।