টেলরের গয়নার বিশ্বভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গয়নার প্রতি নারীর অনুরাগ নতুন কিছু নয়। হলিউডে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের প্যাশন ছিল হীরার প্রতি। টেলরের সংগ্রহের এমনটি ২৬৯টি মূল্যবান অলংকার নিয়ে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে প্রদর্শনী শুরু হয়েছে। এরপর তাঁর গয়নাগুলোর বিশ্ব পরিভ্রমণ শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরে নিউইয়র্কে এগুলো তোলা হবে নিলামে। সংগৃহীত অর্থ এইডস আক্রান্তদের সাহায্যে খরচ করা হবে।রয়টার্স জানায়, ১৯৬৮ সালে টেলরের স্বামী রিচার্ড বার্টনের দেওয়া ৩৩ দশমিক ১৯ ক্যারেটের সাদা হীরার আংটিটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ ডলার। স্বামীর দেওয়া এই আংটিটি টেলর প্রতিদিনই পরে থাকতেন বলে জানা গেছে। সাদা হীরার আংটিটির মতোই টেলরের আরেকটি প্রিয় অলংকার হলো রুবি ও হীরার তৈরি নেকলেস। ১৯৬৯ সালে ভালোবাসার উপহার হিসেবে ষোড়শ শতকের মুক্তা দিয়ে তৈরি অলংকারটি বার্টনই টেলরকে দিয়েছিলেন। নিলামের জন্য এই নেকলেসটির প্রত্যাশিত দাম ধরা হয়েছে ২০ থেকে ৩০ লাখ ডলার।১৯৬২ সালে ‘ক্লিওপেট্রা’ সিনেমায় অভিনয়ের পর টেলর ও বার্টনের প্রেম যখন তুঙ্গে, ঠিক তখনই টেলরের জন্য পান্না আর হীরার তৈরি একটি নেকলেস কিনেছিলেন বার্টন। ৩০ লাখ ডলার প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে এই নেকলেসটির জন্য।শুধু যে বার্টনই টেলরকে গয়না উপহার দিয়েছিলেন, তা কিন্তু নয়। গয়নার প্রতি টেলরের তীব্র আগ্রহের কথা জানা ছিল সবারই। তাই পরিচিতজনেরা সবাই উপহার হিসেবে টেলরকে গয়নাই দিতেন। প্রাচীন কারুকাজ-খচিত খুবই মূল্যবান একটি হীরার মুকুট টেলর উপহার হিসেবে পেয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক মাইক টডের কাছ থেকে। মাইক টড অবশ্য রিচার্ড বার্টনেরও আগে টেলরের স্বামী ছিলেন। টডের দেওয়া ওই হীরার মুকুটটির প্রত্যাশিত মূল্য রাখা হয়েছে ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলার। আর টেলরের বিখ্যাত হীরার হাতঘড়িটি দিয়েছিলেন বিখ্যাত পপসম্রাট মাইকেল জ্যাকসন। এই হাতঘড়িটির প্রত্যাশিত মূল্য তিন লাখ থেকে পাঁচ লাখ ডলার।ধারণা করা হচ্ছে, টেলরের এসব অলংকার নিলামের তোলার মধ্য দিয়ে তিন কোটি ডলারের বেশি অর্থ আয় করা সম্ভব। এ ছাড়া টেলরের বেশ কিছু পোশাক ও সামগ্রী নিলামে তুলে আরও দুই কোটি ডলার আয় হবে।ক্যালিফোর্নিয়ায় টেলরের গয়নার প্রদর্শনী শেষ হলে তা আবার শুরু হবে দুবাইতে। এরপর জেনেভা, প্যারিস ও হংকংয়েও হবে এই প্রদর্শনী। আর নিউইয়র্কে শেষ হবে আন্তর্জাতিক এই প্রদর্শনী। আসছে ডিসেম্বরের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে শুরু হবে চার দিনব্যাপী টেলরের গয়নার নিলাম অনুষ্ঠান।