টেলরের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো পর্যন্ত কোনো উপহার পাননি। তবে সকালে ই-মেইল, ফেসবুক, টুইটারে পেয়েছেন অসংখ্য শুভেচ্ছা। এর মধ্যে দেড় শর মতো শুভেচ্ছাবার্তার সঙ্গে ছিল আবার আরেকটা প্রত্যাশা, ‘জন্মদিন উদ্যাপন করা চাই সেঞ্চুরি দিয়ে।’ তবে শুধু এ জন্যই নয়, আরও অনেক কারণে সেঞ্চুরিটা দরকার ছিল রস টেলরের। আড়াই বছরের খরা কাটানো, অনেক প্রশ্নের জবাব দেওয়া এবং অবিশ্বাস্য হলেও সত্যি, একাদশে জায়গা ধরে রাখা!সব ভেস্তে যেতে বসেছিল। রানের দেখা পাওয়ার আগেই ব্যাটের কানা নিল বল, এক বল পর আবার। কিন্তু কামরান আকমল আছেন না! হয়তো জেনে থাকবেন বেচারা টেলর কোনো ‘বার্থ ডে’ পাননি। ক্যাচ দুটো ছেড়ে টেলরকে দারুণ দুটো উপহার দিলেন কামরান। আর তা সাদরে গ্রহণ করে দিনটাকে স্মরণীয় করার সব আয়োজনই করে ফেললেন টেলর। এমন উপহার দিলেন যিনি, তাঁকে ডিনারে নিয়ে যাবেন না? ‘শুধু ডিনার কেন, ও যা চায় দিতে আমি রাজি’—টেলর জানিয়ে দিলেন এতটা অকৃতজ্ঞ তিনি নন!শুরুতে দুবার এমন জীবন পেয়েও অবশ্য ডানা মেলতে পারছিলেন না টেলর। তবে হাল ছাড়েননি, অস্থির হননি। এগিয়ে গেছেন হামাগুড়ি দিতে দিতেই। ইনিংসের চার-তৃতীয়াংশজুড়ে এভাবেই এগিয়েছেন। কিন্তু যখন ডানা মেললেন, সেই ঝাপটায় রীতিমতো উড়ে গেল পাকিস্তানের বোলিং। টেলর স্বীকার করলেন ছন্দ পাচ্ছিলেন না, ‘প্রথম ৬০-৭০টা বল ধরে ঠিকমতো খেলতে পারিনি। এর পর আস্তে আস্তে টাইমিং পারফেক্ট হতে থাকে। শেষ ২৫-৩০ বলই মনে হয় আমি মনের মতো করে খেলতে পেরেছি।’সেই মনের মতো খেলাটা এমনই হলো যে, মাঠের চারপাশে উড়ে যেতে লাগল বল। দুইবার পার হয়ে গেল স্টেডিয়াম। জ্যাকব ওরামের সঙ্গে ২২ বলে ৮৫ রানের জুটিতে টেলরের ১৩ বলে ৫৫! শেষ ৬ ওভারে নিউজিল্যান্ড তুলল ১১৪! শেষ চার ওভারে ৯২!শোয়েবকে ছয় মেরে তিন অঙ্ক ছোঁয়ার পর দেখা গেল সেই উদ্যাপন। রাগ, ক্ষোভ, হতাশা, স্বস্তি সব যেন একসঙ্গে বের হয়ে আসতে চাইল। কার ওপর ছিল এত রাগ? ‘নিজের ওপরই। খুব হতাশ হয়ে পড়ছিলাম। আড়াই বছর ধরে সেঞ্চুরি নেই, অনেকবার আউট হয়েছি ৬০-৭০ করে। প্রচণ্ড রাগ ছিল ভেতরে। তবে সত্যি বলতে, বার্থ ডের-ও একটা ভূমিকা আছে এমন উদ্যাপনে। জন্মদিনে সেঞ্চুরির চেয়ে ভালো আর কী হতে পারে!৪৬ ওভার শেষে রান ছিল ৬ উইকেটে ২১০। টেলর জানালেন, তাঁর চেষ্টা তখন দলের রানকে ২৫০-৬০ পর্যন্ত নিয়ে যাওয়া। প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অন্তত এই রানটা লাগবেই। চেষ্টাটা এমন ভাবে করলেন যে শেষ ৪ ওভারে নিউজিল্যান্ড তুলল ৯২! ফুলটস, শর্ট বল দিয়ে টেলরকে ফর্মে ফেরার চেষ্টার কোনো ত্রুটিই রাখেননি পাকিস্তানের বোলাররা। তবে ওয়াকার ইউনুসকে ইনিংসটা এতটাই মোহিত করে ফেলেছে যে বোলারদের ত্রুটিকে পর্যন্ত বড় করে দেখছেন না পাকিস্তান কোচ, ‘আমার মনে হয়, আমাদের বোলারদের বাজে বোলিংয়ের চেয়ে টেলরের দুর্দান্ত ব্যাটিংই শেষের ওই ঝড়ের কারণ। কেউ যখন এমন খেলে, খুব বেশি কিছু করার থাকে না। আাামাদের দুর্দশার জন্য টেলরই দায়ী।’