টেলিকনফারেন্স করতে চান জেনারেল মইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য টেলিকনফারেন্স করতে চান। তিনি এ ব্যাপারে সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিঠিটি কয়েক দিন আগেই এসেছে। তবে এখনো তিনি তা দেখেননি। পারিবারিক সফরে দেশের বাইরে থাকায় তিনি চিঠিটি দেখতে পারেননি বলে জানান। চিঠিটি পড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়। কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে দুবার চিঠি দেওয়া হয়েছিল। দুবারই তাঁরা কমিটিতে হাজির হতে অপারগতা প্রকাশ করে চিঠি দেন। চিঠির মাধ্যমে পাঠানো বক্তব্যকে ‘অর্থহীন’ আখ্যা দিয়েছিল সংসদীয় উপকমিটি।গত ৫ জুন কমিটির সপ্তম বৈঠকের পর রাশেদ খান মেনন বলেন, পরে ওই দুজন কমিটির সঙ্গে যোগাযোগ না করলে তাঁদের দায়ী করে প্রতিবেদন চূড়ান্ত করা হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মইনের চিঠি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দপ্তরে পৌঁছায়। আজ সকালে ওই দপ্তরে চিঠির বিষয়ে জানতে চাওয়া হলে বলা হয়, এমন কোনো চিঠি আসেনি।সূত্র আরও জানায়, সংসদ সচিবালয় এরই মধ্যে কমিটির প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। তবে মইনের চিঠির পর কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। বাসস।