টেলিকম কেলেঙ্কারির তদন্ত পর্যবেক্ষণ করবে ভারতীয় সুপ্রিম কোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ-সংক্রান্ত কেলেঙ্কারির তদন্ত পর্যবেক্ষণ করবে দেশটির সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার সে দেশের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্ট ভারতীয় তদন্ত সংস্থা সিবিআই ও ইডিকে আগামী ১০ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত তাদের তদন্তের বর্তমান অবস্থা গোপনীয়ভাবে আদালতে জমা দিতে বলেছেন। ২০০১ থেকে ২০০৮ সালে সংঘটিত দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি কেলেঙ্কারির ঘটনা তদন্তে কিছু নির্দেশনাও দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ তদন্তে সিডিএমএ ও জিএসএম প্রযুক্তি এবং রাষ্ট্রীয় ব্যাংক কর্তৃক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে যে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে, সে বিষয়টিও অন্তর্ভুক্ত হবে। এর আগে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছেন, ২০০১ সালে এনডিএ আমলে এ নিয়ে কী হয়েছে, তাও তদন্ত করা উচিত। টাইমস অব ইন্ডিয়া।