টেলিছবি পরিচালনায় রওনক
২০০৪ সালে প্রথম একটি শিশুতোষ নাটকের মাধ্যমে পরিচালনায় এসেছিলেন অভিনয়শিল্পী রওনক হাসান। নাম ছিল ‘তোমাতেই’। এবারই প্রথম টেলিছবি পরিচালনা করছেন তিনি। টেলিছবিটির নাম ‘রচি মম ফাল্গুনী’। পরিচালনার পাশাপাশি টেলিছবিটিতে অভিনয়ও করেছেন তিনি।এ প্রসঙ্গে রওনক হাসান জানিয়েছেন, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে এটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ঢাকায় দুই দিনের শুটিংও করেছেন। ৪ ও ৫ এপ্রিল শুটিংয়ের মধ্য দিয়ে ‘রচি মম ফাল্গুনী’ টেলিছবির কাজ শেষ হবে।রওনক হাসান বলেন, ‘প্রথমবার টেলিছবি পরিচালনা করছি। আশা করছি, কাজটি ভালো হবে।’ টেলিছবিটির গল্প গড়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কিছু গল্প ও কবিতার চরিত্র নিয়ে। গল্প প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রচারের ইচ্ছায় এ টেলিছবিটি নির্মাণ করছি। তাই তাঁর গল্প ও সৃষ্টির সঙ্গে নিজের ভাবনায় এ টেলিছবির গল্প সাজিয়েছি।’রওনক হাসান ছাড়া ‘রচি মম ফাল্গুনী’ টেলিছবির অন্যান্য অভিনয়শিল্পী হলেন ওয়াহিদা মল্লিক জলি, ঋতু সাত্তার, আবদুল্লাহ রানা, তিশা, মৌসুমীসহ অনেকেই।