টেলিছবিতে জুটি হলেন দিনার-মেহজাবিন
২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার চ্যাম্পিয়ন মেহজাবিন অভিনেতা ইন্তেখাব দিনারের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন এক ঘণ্টার একটি টিভি নাটকে। সে নাটকটি অবশ্য এখনো কোনো চ্যানেলে প্রচারিত হয়নি। সম্প্রতি একটি টেলিছবিতে ইন্তেখাব দিনারের বিপরীতে অভিনয় করলেন মেহজাবিন। টেলিছবিটির নাম ‘একটু ছোঁয়া’। লিখেছেন মেহেদী হাসান, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাশেদ রাহা। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে টেলিছবিটির শেষ দিনের শুটিং করছেন মেহজাবিন।টেলিছবিটির প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে মেহজাবিন বলেন, ‘একটু ছোঁয়া টেলিছবিটি পুরোপুরি একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এখানে আমার অভিনীত চরিত্রের নাম লামিয়া। যে বিদেশ থেকে এসে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। একটা সময় ধ্রুবর (দিনার) সঙ্গে তাঁর পরিচয়। এরপর একটা পর্যায়ে ধ্রুব ও লামিয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু ভালোবাসার কথাটা কেউই কাউকে বলতে পারে না। একসময় লামিয়া আবারও দেশের বাইরে চলে যান। এমনই এক প্রেক্ষাপটে একটু ছোঁয়া টেলিছবির গল্প আবর্তিত হয়েছে।’ইন্তেখাব দিনারের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এটি দিনার ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। আমি এমনিতেই ওঁর অভিনয়ের বেশ ভক্ত। একই টেলিছবিতে তাঁর সঙ্গে কাজ করতে পেরে অনেক কিছু শিখতে পারছি।’একটু ছোঁয়া টেলিছবিতে ইন্তেখাব দিনার ও মেহজাবিন ছাড়া আরও অভিনয় করছেন সোহেল খান ও আরেক লাক্স তারকা টয়া। একটু ছোঁয়া টেলিছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হচ্ছে।