টেলিটক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বোর্ড মিটিংয়ে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার অনুষ্ঠেয় টেলিটকের বোর্ড সভায় কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দাবি উত্থাপন করা হবে—এই আশ্বাসে দুই দিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রি জি) প্রকল্পে সব নিয়োগ আপাতত বন্ধ রাখা হবে বলে আশ্বাস দিয়েছে টেলিটক কর্তৃপক্ষ।তবে সভায় দাবি মানা না হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আহ্বান করা হবে বলে জানান টেলিটক কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা। আজ সোমবার প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে সংগঠনের নেতারা এই সিদ্ধান্ত জানান। সংগঠনের সভাপতি আবু রায়হান কাওসার জানান, বুধবারের বোর্ড সভায় সার্ভিস রুল, ছুটি, পদোন্নতি বা অন্যান্য সুবিধা নির্ধারণ, জনবল-কাঠামো তৈরিসহ কর্মকর্তা-কর্মচারীদের সব দাবি উত্থাপন করা হবে বলে কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা প্রায় চার ঘণ্টা কর্মবিরতি এবং গত রোববার টেলিটক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।থ্রি জি প্রযুক্তি নিয়ে বাজারে আসার প্রস্তুতি হিসেবে টেলিটক কর্তৃপক্ষ প্রায় ১৫ জন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে পাঁচজন এবং জুনিয়র অফিসার পদে ১০ জন।