টেলিটকের কর্মীদের বিক্ষোভ
বেতন-ভাতার পর এবার নিয়োগ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকে। আজ রোববার গুলশানে টেলিটক ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।গত বৃহস্পতিবারও একই দাবিতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা। দাবি মানা না হলে আদালতে যাওয়ারও প্রস্তুতির কথা জানা গেছে। মূলত অপরিকল্পিত নিয়োগ ও বেতন-বৈষম্যের প্রতিবাদে টেলিটকের কর্মীরা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় প্রজন্মের (থ্রি জি) কারিগরি প্রযুক্তি নিয়ে বাজারে আসার প্রস্তুতি হিসেবে টেলিটক কর্তৃপক্ষ প্রায় ১৫ জন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। সহকারী ব্যবস্থাপক পদে পাঁচজন ও জুনিয়র অফিসার পদে ১০ জন। এরই মধ্যে একই অজুহাতে দুই বছর ধরে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এসব নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছেন টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা।বিক্ষোভ সমাবেশে টেলিটকের কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এর সভাপতি প্রতিষ্ঠানের সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের সহব্যবস্থাপক আবু রায়হান কাওসার এবং সহকারী ব্যবস্থাপক সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ৪৩ কমিটির সদস্য নিয়ে শুরু হয়েছে এই সংগঠন। তিনি জানান, বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতি ও সার্ভিস রুলের দাবির সঙ্গে অপরিকল্পিত নিয়োগ বাতিলের দাবিতে তিন বছর ধরে তাঁরা বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিলেন।আবু রায়হান কাওসার প্রথম আলোকে বলেন, কোম্পানির যাত্রা শুরুর সাত বছর পার হয়ে গেলেও এখনো ‘সার্ভিস রুল’ হয়নি। বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রেও কোনো ধরনের কাঠামো মানা হয় না। ফলে ছুটি, পদোন্নতি বা অন্যান্য সুবিধা থেকে কর্মচারী ও কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া ‘যাকে যেমন ইচ্ছে তেমন বেতন’ দেওয়া হয় বলে প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তারা। একই সঙ্গে বিভিন্ন সময় নিয়োগপরীক্ষার মাধ্যমে পাঁচ-ছয়জনের নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রতিবার ৩৫-৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।এ প্রসঙ্গে জানতে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।