বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ল্যান্ডফোন-সেবা নিয়ে সন্তুষ্ট নন পুরান ঢাকার অনেক গ্রাহক। এ প্রসঙ্গে লালবাগের বাসিন্দা তাজিন আহমেদ জানান, ল্যান্ডফোনের সংযোগের সবচেয়ে বড় সমস্যা তার কাটা পড়া। প্রায়ই খোঁড়াখুঁড়ির কারণে মাটির নিচের তার কাটা পড়ে সংযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। এ জন্য দরকার সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ। আবার টেলিফোনের তার চুরির কারণেও অনেক সময় টেলিফোন অচল হয়ে যায়।এদিকে নারিন্দার বাসিন্দা আকবর হোসেন জানান, এক্সচেঞ্জ থেকে মাটির নিচ দিয়ে তার (কেব্ল) আসে এলাকার বিটিসিএল বক্সে। সেখান থেকে তার যায় গ্রাহকের ফোনে। কিন্তু মাটির নিচে কিংবা ওপরে কোথাও তার (কেব্ল) নিরাপদ নয়। বিভিন্ন সেবা সংস্থার সড়ক খোঁড়াখুঁড়িতে কাটা পড়ে বিটিসিএলের তার। আবার গ্রাহকের বাড়ির আশপাশে ঝুলে থাকা তার লোপাট করে ছিঁচকে চোরেরা। ফলে বিঘ্ন ঘটে সেবায়।নতুন তার লাগিয়ে লাইন সচল করতে আরেক দফা হয়রানির মুখে পড়তে হয় গ্রাহকদের। বনগ্রামের বাসিন্দা আহমেদ তৌফিক জানান, এক্সচেঞ্জের বাড়তি সংযোগ দেওয়ার ক্ষমতা থাকার পরও গ্রাহকদের সংযোগ পেতে দেরি হচ্ছে তার-সংকটে।কাজী আলাউদ্দিন রোডের আলী আহসান ল্যান্ডফোনের সংযোগ পেতে ডিমান্ড নোট জমা দিয়েছেন গত এপ্রিল মাসে। তারের সংকটের কারণে তার বাসায় এখনো ল্যান্ডফোন সংযোগ আসেনি। আলী আহসান বলেন, ‘মাসখানেক আগে বিটিসিএলের এক কর্মচারী তারের খরচা বাবদ চার হাজার টাকা চেয়েছেন আর বলেছেন, টাকা যে দিন দেব, এর পরের দিন বাসায় ফোন বাজবে!’আলী আহসান আরও জানান, তাঁর অনেক পরে আবেদন করে বংশাল ও কাজী আলাউদ্দিন রোডের বেশ কিছু গ্রাহক সংযোগ পেয়েছেন বাড়তি টাকা দিয়ে। তিনি বংশাল বিটিসিএল ক্যাম্পে যোগাযোগ করে জানতে পারেন তার (কেব্ল) সংকটের কারণে সংযোগ পেতে দেরি হচ্ছে।বেচারাম দেউরির নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, বিটিসিএলে আবেদন করে সংযোগ পেতে সময় লাগে এটা ভুল কথা। লাইনম্যানের সঙ্গে ‘এক্সট্রা লাইন’ থাকলে এটা কোনো ব্যাপারই নয়। একটু বাড়তি টাকা দিলে লাইনম্যান যেভাবেই হোক তার ‘ম্যানেজ’ করেন। টিকাটুলির বাসিন্দা প্রশান্ত কুমারও লাইনম্যানের পক্ষে। তিনি জানান, ভাইবোনেরা বিদেশে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগে ল্যান্ডফোনই সাশ্রয়ী। তাই নিরবচ্ছিন্ন সেবা পেতে লাইনম্যানদের তোয়াজ করে চলেন তিনি।এদিকে বিটিসিএল ল্যান্ডফোনের একাধিক গ্রাহক জানালেন, টেলিফোন থেকে অন্য কোনো জেলায় (এনডব্লিউডি) ফোন করতে বেশ ভোগান্তি পোহাতে হয়। কখনো সংযোগ চলে যায় অজানা কোনো নম্বরে। আবার বেশির ভাগ ক্ষেত্রে ল্যান্ডফোন থেকে ভিন্ন অপারেটরের মুঠোফোনে ফোন করা হলে কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়। নাজিরা বাজারের বাসিন্দা কানিজ ফাতেমা জানান, এখন মুঠোফোনের গ্রাহক বেশি। ল্যান্ডফোন থেকে মুঠোফোনে ফোন করতে গেলে সমস্যা হয়। বিটিসিএলের উচিত এ বিষয়ে নজর দেওয়া।তবে ফরিদাবাদের বাসিন্দা মাহবুব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিটিসিএল সেবায় এখন আগের মতো বিরক্তিকর শো শো আওয়াজ নেই। লাইন কেটে যাওয়ার ভয়ও নেই।’সংযোগ ফাঁকা!‘এক্সচেঞ্জের সংখ্যা কম থাকায় টেলিযোগাযোগ সেবায় পিছিয়ে আছে পুরান ঢাকা।’ এই ধারণা সঠিক নয় বলে জানালেন বিটিসিএলের একাধিক কর্মকর্তা। পুরান ঢাকার গেন্ডারিয়া এক্সচেঞ্জের ধারণক্ষমতা ১৫ হাজার। কিন্তু সংযোগ আছে ১০ হাজারের মতো। এই এক্সচেঞ্জের আওতাভুক্ত এলাকা নারিন্দা, গেন্ডারিয়া। মীরহাজীরবাগে আরও পাঁচ হাজার সংযোগ দেওয়া যাবে বলে মনে করেন গেন্ডারিয়া এক্সচেঞ্জের বিভাগীয় প্রকৌশলী (ফোনস) আবদুল মালেক।এদিকে পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় টেলিযোগাযোগ-সেবা দিচ্ছে চকবাজার এক্সচেঞ্জটি। চকবাজারের (এরিকসন) এক্সচেঞ্জে রয়েছে ১০ হাজার ৪০০ সংযোগ। এই এক্সচেঞ্জের সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে ১২ হাজার। চকবাজারের আরেকটি (জেডটিই) এক্সচেঞ্জে রয়েছে তিন হাজার সংযোগ, এর ক্ষমতা রয়েছে চার হাজার। আবার বাবুবাজারের এক্সচেঞ্জের আওতায় সংযোগ আছে ছয় হাজার ১৩২। এখানকার সংযোগ দেওয়ার ক্ষমতা আছে ছয় হাজার ১৪৪। লালবাগ এলাকার (আরএসইউ) এক্সচেঞ্জের সংযোগ আছে এক হাজার ৩২০, এর সংযোগ দেওয়ার ক্ষমতা আছে দুই হাজার ২৪টি। নীলক্ষেত (কেন্দ্রীয়) এক্সচেঞ্জ থেকে আজিমপুর, লালবাগের একাংশ আর হাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ন্ত্রণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।অনুসন্ধানে জানা গেছে, পুরান ঢাকার এলাকাগুলো নিয়ন্ত্রণকারী সব কয়েকটি এক্সচেঞ্জেই ধারণক্ষমতার চেয়ে কম সংযোগ ব্যবহার করা হচ্ছে। ফলে এখানে আবেদনের সঙ্গে সঙ্গে সংযোগ মেলে বলে দাবি করেন একাধিক কর্মকর্তা।পুরান ঢাকায় গ্রাহকের বাড়ি থেকে এক্সচেঞ্জগুলোর দূরত্ব বেশি বলে ইন্টারনেটের গতি কম। রোকনপুরের বাসিন্দা আহমেদ ফারুক জানান, বিটিসিএলের ইন্টারনেট সংযোগ মাঝেমধ্যে কেটে যায়। ফলে বসে থাকতে হয়। বিষয়টি বিরক্তিকর। এমনটি স্বীকার করে বিটিসিএল সূত্র জানায়, বিটিসিএলের ইন্টারনেট সেবার পুরোটাই নিয়ন্ত্রণ করে মগবাজারের কেন্দ্রটি। ফলে পুরান ঢাকার বাসিন্দাদের ইন্টারনেট চালাতে গতি কম থাকতে পারে।কর্তৃপক্ষের ভাষ্য‘বিটিসিএলের সেবা নির্বিঘ্ন করতে প্রথমেই দরকার তার চুরি রোধ করা। ছিঁচকে চোরের উৎ পাত রুখতে অপটিক্যাল ফাইবার কেব্ল ব্যবহার বাড়ানো দরকার।’ বলছিলেন গেন্ডারিয়া এক্সচেঞ্জের বিভাগীয় প্রকৌশলী (ফোনস) আবদুল মালেক। তিনি আরও জানান, বিটিসিএলের কর্মচারী সেজে একদল ছিঁচকে চোর তার চুরির মহোৎ সবে মেতে উঠেছে। এটা বন্ধ করা দরকার।আবার চকবাজার এক্সচেঞ্জের বিভাগীয় প্রকৌশলী মো. আবদুর রউফ সেবার মান নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী কেব্ল সরবরাহের প্রতি জোর দেন। তিনি বলেন, পুরান ঢাকায় এক্সচেঞ্জগুলোর ধারণক্ষমতার চেয়ে কম সংযোগ রয়েছে। এখানে আরও সংযোগ দেওয়া সম্ভব। বংশাল, কাজী আলাউদ্দিন রোড ও মৌলভীবাজারে তারের অভাবে সংযোগ দেওয়া যাচ্ছে না বলে তিনি জানান। সংযোগ পেতে হয়রানির বিষয়ে চকবাজার ও গেন্ডারিয়ার বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, সংযোগের কোনো অভিযোগ থাকলে ক্যাম্প অফিসে এসে জানাতে হবে। অভিযোগ জানানোর পর নগরবাসীকে অভিযোগ নম্বরটি সংরক্ষণ করতে হবে। দ্রুত সমাধান না পেলে সরাসরি বিভাগীয় প্রকৌশলী বরাবর জানালে সমাধান মিলবে সহজেই।