টেলিফোনের কলরেট বাজারের হাতে ছেড়ে দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনের ট্যারিফ বা কলরেট নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে নয়, টেলিযোগাযোগ বাজার বা জনগণের হাতে থাকা উচিত। তাতে প্রতিযোগিতামূলক পরিবেশে টেলিযোগাযোগ সেবার দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকার সরাসরি ট্যারিফ নির্ধারণ না করে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির নীতি নির্ধারণ করলে দেশ দ্রুত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে বলেও তাঁরা বলেন। রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় থাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০১০-এর ৪৮ ধারায় বলা হয়েছে, টেলিফোনের কলরেটের ব্যাপারে প্রত্যেক কোম্পানিকে ট্যারিফ কমিশনের মাধ্যমে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। এই অনুমোদন-প্রক্রিয়ায় সরকার সময় নেবে ৬০ দিন। অনুমোদন ছাড়া ট্যারিফ কার্যকর করা হলে তিন কোটি টাকা জরিমানা। আইনের এই ধারাটি সম্পর্কে তাঁরা উপরিউক্ত অভিমত ব্যক্ত করেছেন।অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সভাপতি ও বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতার স্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময়ও পায় না। এ ক্ষেত্রে নতুন অফারের জন্য প্রস্তাবিত নতুন ট্যারিফ বা কলরেট অনুমোদনের জন্য ৬০ দিন অপেক্ষা করতে হলে গ্রাহকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’ বিশেষজ্ঞদের মতে, ছয়টি মোবাইল অপারেটরের মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতার কারণেই বাংলাদেশে বর্তমানে মোবাইল থেকে মোবাইলের কলরেট পৃথিবীর সর্বনিম্ন। যে যত কম দামে উন্নত মানের সেবা দিতে পারবে গ্রাহক তার সেবা গ্রহণ করবে। এটাই প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীণফোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিধান অনুযায়ী প্রতিটি ট্যারিফের অনুমোদন পেতে এখন মন্ত্রণালয়ে যেতে হবে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রতা এবং উচ্চহারে জরিমানার ভয়ে কোনো কোম্পানি রাতারাতি নতুন সেবার প্রস্তাব বাজারে ছাড়বে না। তা ছাড়া, ইতিমধ্যে প্রবর্তিত কোন কোন সেবা লাইসেন্সের শর্তের বাইরে পড়েছে, তাও পরীক্ষা করে দেখছে কোম্পানিগুলো। টেলিযোগাযোগের আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র ফেলো আবু সাঈদ খান বলেন, বিভিন্ন দেশের সরকার সাধারণত ‘আদেশ’ ও ‘নিয়ন্ত্রণ’ শব্দ দুটির মধ্যে তালগোল পাকিয়ে ফেলে। এর ফলে প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ নষ্ট হয়। একই সঙ্গে ক্ষুণ্ন হয় গ্রাহক স্বার্থ। সরকারের উচিত, দেশি-বিদেশি উভয় কলরেট কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেওয়া। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, প্রয়োজনে কমিটি বিষয়টি নিয়ে আবারও বসবে। তবে সরকার নীতিনির্ধারণ ও তার বাস্তবায়ন পর্যবেক্ষণ করলে ভালো ফল হতে পারে বলে তিনি বিশ্বাস করেন।