টেলিযোগাযোগ আইন সংশোধন, স্বপ্নাহত ‘ডিজিটাল বাংলাদেশ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ খাতে বস্তুত উল্টো পথে হাঁটার আয়োজন করছে ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্নদ্রষ্টা বর্তমান সরকার। সংসদে বিল আকারে উত্থাপিত টেলিযোগাযোগ আইন, ২০১০ (সংশোধিত) পাস হলে এমনটি হবে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। আইনে সরকারকে টেলিযোগাযোগ খাতের ‘পরিচালক ও নিয়ন্ত্রক’ হিসেবে প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সব ক্ষমতা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা ছাড়া এই সংশোধনীতে আর কোনো নীতিগত পরিবর্তনের প্রস্তাব করা হয়নি।তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থেই ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স কমিউনিকেশন সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিমালা পরিবর্তনের জন্য টেলিযোগাযোগ আইন, ২০০১ পরিবর্তনের প্রয়োজন ছিল বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি জানান, আগের নীতিমালা অনুযায়ী টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া, নবায়ন, স্থগিত ও বাতিল, লাইসেন্স ফি ও ট্যারিফ নির্ধারণ, জরিমানা, শাস্তি—এসবের জন্য নীতিমালা তৈরির ক্ষমতা ছিল বিটিআরসির হাতে। পরিবর্তিত আইএলডিটিএস নীতি বজায় রাখতেই সংশোধিত আইনে এসব ক্ষমতা সরকার তথা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হাতে আনা হচ্ছে। অন্য সব কাজ আগের মতো কমিশনই করবে।প্রস্তাবিত আইনটি দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল। প্রথম আলোকে তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে আছে সরকারি ল্যান্ডফোন, মোবাইল অপারেটর ও সাবমেরিন কেব্ল কোম্পানি। কোনো সেবাদানকারীর (অপারেটর) মালিকপক্ষ হিসেবে সরকার নিজেই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকবে না বলেই তৈরি করা হয়েছিল টেলিযোগাযোগ আইন, ২০০১। কিন্তু এখন ওই আইনের সংশোধনী এনে মন্ত্রণালয় নিজেই নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে নিচ্ছে। এতে করে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এতে সরকারের স্বপ্ন ‘ডিজিটাল বাংলাদেশ’ অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে।টেলিযোগাযোগ আইন-বিশেষজ্ঞ তানজীব-উল আলম মনে করেন, ‘এটা কিছু রাজনীতিবিদ ও আমলার ইচ্ছে পূরণের উদ্যোগ। সামগ্রিক টেলিযোগাযোগ খাতের কোনো কল্যাণ এতে হবে না। উল্টো একটি সফল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিটিআরসির কার্যত বিলুপ্তি ঘটানো হচ্ছে।’ তিনি বলেন, মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে জাতীয় উন্নয়নের স্বার্থেই নিরপেক্ষ কমিশন গঠন করা হয়। কিন্তু বিটিআরসির সব ক্ষমতা ও দায়িত্ব এভাবে মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হলে দেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘ মেয়াদে ক্ষতিকর প্রভাব পড়বে। অবশ্যই বিদেশি বিনিয়োগ কমবে। যেহেতু সরকার নিজেই এ খাতে ব্যবসা করছে, স্বাভাবিকভাবেই তার নির্দেশ মেনে চলার জন্য বিদেশি বিনিয়োগকারী বা অন্য ব্যবসায়ী আসবে না। ফলে এ খাতে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আইনের ব্যাখ্যা দিয়ে তানজীব-উল আলম বলেন, বিলটি পাস হলে ওই আইন সরাসরি ব্যবসায়ীদের সাংবিধানিক অধিকার খর্ব করবে।পরিবর্তিত টেলিযোগাযোগ আইন এই খাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘প্রথমে দুর্নীতি দমন কমিশন, এখন বিটিআরসি—দুটো সফল, শক্তিশালী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ চাপানো হচ্ছে। এতে করে এ খাতে স্বচ্ছতা, দক্ষতা ও বস্তুনিষ্ঠতা থাকবে না। প্রশাসনে তৈরি হবে স্বার্থের দ্বন্দ্ব, যা অনায়াসে টেলিযোগাযোগ খাতে দুর্নীতি ও অনিয়মের বীজ বুনে দেবে।’গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আইএলডিটিএস নীতিমালার আওতায় ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) এবং ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স দিতে টেলিযোগাযোগ আইন সংশোধন করে ‘২০০৮ সালের ৫৮ নং অধ্যাদেশ’ জারি করে। কিন্তু নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনে অধ্যাদেশটি সংসদে পাস না হওয়ায় তা বাতিল হয়ে যায়। টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, ‘আইনটি যুগোপযোগী করা হয়েছে। আগের আইন অনুযায়ী কমিশন নিজেই লাইসেন্স ইস্যু, ফি, ট্যারিফসহ অন্য বিষয়ে সিদ্ধান্ত নিত। এখন সরকারের সঙ্গে কথা বলে নেবে। এতে সমস্যা কোথায়? শুধু সরকারের একটা চোখ কমিশনের ওপর থাকবে।’মন্ত্রণালয় নিজেই যখন টেলিটক, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পরিচালক, তখন প্রতিদ্বন্দ্বী অন্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয় কীভাবে নিয়ন্ত্রণ করবে? জবাবে সচিব বলেন, ‘এটা কোনো বিষয়ই না। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান সরকার নিজেই পরিচালনা করে এবং সেসব খাত পরিচালনাও করে সরকার। বিটিআরসি নিজেই তো সরকার। বিটিআরসির চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছে কে? তাকে জিজ্ঞেস করে দেখবেন।’এদিকে প্রস্তাবিত আইন নিয়ে একেবারেই নীরব বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, ‘২০০১ সালে এ আইনটি করাই হয়েছিল কমিশন গঠনের স্বার্থে। সরকার যদি মনে করে, এ আইন পরিবর্তন করলে টেলিযোগাযোগ খাতের ভালো হবে, তাহলে ভালো।’