সংবাদ সম্মেলনে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট
টেলিযোগাযোগ আইনের কিছু ধারা সংশোধন করা উচিত
সদ্য সংশোধিত বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের যেসব ধারা নিয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের আপত্তি রয়েছে, সেগুলো সরকারের পুনরায় বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। ব্যবসাবান্ধব পরিবেশ ও নিয়মিত বিদেশি বিনিয়োগ বজায় রাখতে এসব ধারার পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আয়োজিত সংবাদ সম্মেলনে জন ফ্রেডরিক বাকসাস এসব কথা বলেন। এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল ও প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের নতুন সদর দপ্তর জিপি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার তিনি ঢাকায় এসেছেন।সদ্য সংশোধিত টেলিযোগাযোগ আইন প্রসঙ্গে বাকসাস আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সরকারকে টেলিযোগাযোগ আইন এবং নীতিমালা প্রণয়নে অনেক বেশি সতর্ক হতে হবে। আইন সংশোধনের ফলে, এখন মন্ত্রণালয় ও কমিশন উভয়েই নিয়ন্ত্রক। তাই দুজনকেই ভারসাম্য রেখে কাজ করতে হবে। বিশেষ করে আইনের স্থিতিশীলতা, স্বচ্ছতা, স্পষ্টতা থাকতে হবে। বারবার আইনের পরিবর্তন হলে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যায় না। ওই ধারাগুলো বিনিয়োগবান্ধব ব্যবসা-পরিবেশের বিরোধী বলেও তিনি মন্তব্য করেন।ফ্রেডরিক বাকসাসের আশা, লাইসেন্স নবায়ন ও থ্রিজি লাইসেন্স প্রদানের জন্য স্বচ্ছ ও ন্যায্য নিয়মকানুন তৈরি করবে বাংলাদেশ। নিয়ন্ত্রণকাঠামো এমন হওয়া উচিত, যাতে আগ্রহী বিদেশি অপারেটররা মানসম্পন্ন সেবা দিতে এবং বাংলাদেশি নাগরিকদের সুবিধার জন্য গ্রামাঞ্চলেও ভালো কাভারেজের ব্যবস্থা করতে আগ্রহী হয়।লাইসেন্স নবায়ন-সম্পর্কিত প্রশ্নের জবাবে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট বলেন, ‘আশা করছি, যেসব শর্ত ও নিয়ম মেনে আমরা আগে লাইসেন্স পেয়েছিলাম, নবায়নের ক্ষেত্রেও সেসব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে। চলতি লাইসেন্সটি দ্বিতীয় প্রজন্মের (টুজি) প্রযুক্তির। এত দিন আমরা “ভয়েস” নিয়ে কাজ করেছি, পাশাপাশি “ডাটা” ছিল। লাইসেন্স নবায়নের পরে যাতে ভয়েসের সমান উচ্চগতিসম্পন্ন ডাটা নিয়ে টেলিযোগাযোগ সেবা দিতে পারি, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি। কমিশন ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন।’লাইসেন্স নবায়নের আগে গ্রামীণফোন উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ করবে কি না—এ প্রশ্নের জবাবে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণত প্রতিষ্ঠানের মোট লাভের ৮০ শতাংশ পুনর্বিনিয়োগ করা হয়। বাকি ২০ শতাংশ বিভিন্ন দেনা বা অন্যান্য খরচে ব্যয় হয়। এখন থ্রিজি লাইসেন্সের নীতিমালা হাতে পেলে পরবর্তী বিনিয়োগের পরিকল্পনা করা হবে। এ ছাড়া লাইসেন্স নবায়নকাঠামো তৈরির সময় নবায়নে আগ্রহী অপারেটরদের সঙ্গে সরকারের আলোচনার ওপর জোর দেন তিনি।এ ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ ইতিমধ্যে চতুর্থ প্রজন্মের প্রযুক্তিনির্ভর (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করেছে। এ কারণে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে উন্নয়নের স্বার্থেই তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) এখন অপরিহার্য বলে মন্তব্য করে ফ্রেডরিক বাকসাস বলেন, বাংলাদেশের বাজার যথেষ্ট প্রতিশ্রুতিশীল। গত সাত-আট বছরে টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে থ্রিজি অবশ্যই প্রয়োজন। কারণ এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। আর থ্রিজি চালু হলে মুঠোফোনে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।থ্রিজি লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, টেলিযোগাযোগ বাজারে অভিজ্ঞতার আলোকে ‘বিউটি কনটেস্ট’-এর (যাচাই-বাছাই) মাধ্যমে থ্রিজি লাইসেন্স দেওয়া উচিত, নিলাম পদ্ধতি নয়। কারণ নিলামে সব সময় প্রকৃত মূল্য থেকে প্রস্তাবিত মূল্যের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবে লাইসেন্সের দাম বেশি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গ্রাহক।নতুন করে বিনিয়োগ প্রসঙ্গে বাকসাস জানান, থ্রিজি লাইসেন্স পেলে টেলিনর বাংলাদেশে আরও বিনিয়োগ করবে। তিনি বলেন, ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় উন্নতমানের ও দ্রুতগতির থ্রিজি প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা দিতে অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক উন্নত করাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক বিনিয়োগ করবে টেলিনর। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকারের করণীয় প্রসঙ্গে বাকসাস বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে নিয়ন্ত্রণকারী কমিশনকে খেয়াল রাখতে হবে, যেন সব অপারেটরের ক্ষেত্রে, ‘সবার জন্য সমান সুযোগ’ (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকে।জিপিহাউস উদ্বোধন রাজধানীর বারিধারার বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় ‘জিপিহাউস’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী এরিক সোলহেইম, বাংলাদেশের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল প্রমুখ। চার লাখ ৫০ হাজার বর্গফুটের এই জিপিহাউস পুরোপুরি পরিবেশবান্ধব। ন্যাশনাল গ্রিডের ওপর চাপ কমাতে গ্রামীণফোন গ্যাস টারবাইনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করেছে। আর এ প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তা ভবনটির তাপমাত্রার ভারসাম্য রক্ষায় ব্যবহার করা হয়। গ্রামীণফোন জানায়, সবুজ কোম্পানি হিসেবে গড়ে ওঠার পথে এটি একটি উদাহরণ।