টেলিযোগাযোগ খাতের শুল্ক কমানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টেলিযোগাযোগ খাতের শুল্ক কমানোর সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, শুল্ক কমানো হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়। কমিটির এর আগে আরও তিনবার একই ধরনের প্রস্তাব দিয়েছিল। তবে মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি।সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি মোবাইল ফোনের সিমকার্ডের ওপর আরোপিত ৬০০ টাকা শুল্ক, অপটিক্যাল ফাইবারের ওপর আরোপিত ছয় ভাগ রেগুলেটরি শুল্ক এবং ইন্টারনেট মডেমের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত কর অবকাশ (ট্যাক্স হলিডে) দেওয়ার সুপারিশ করেছে। কমিটি মনে করে, ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপ করা শতকরা ১৫ ভাগ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করা হলে ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। এতে গ্রাহক ও উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা পাবে।এ বিষয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে বিকাশমান টেলিযোগাযোগ খাতের প্রসার বাড়াতে হলে এর ওপর আরোপিত বেশ কিছু শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। বাংলাদেশে প্রায় ৮৫ মিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। যা মোট জনসংখ্যার ৫৪ শতাংশ। এর হার বাড়াতে হলে কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।সভাপতি আরও বলেন, সরকার প্রথম পর্যায়ে দেশের ১০৬টি ইউনিয়ন পরিষদের অফিসে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করেছে। দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার ৬০০ ইউনিয়নে সংযোগ দেওয়া হবে।কমিটির সভাপতি হাসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ-মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা অংশ নেন।