টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যাচ্ছে!
টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া, নবায়ন, স্থগিত ও বাতিল, লাইসেন্স ফি ও ট্যারিফ নির্ধারণ, জরিমানা, শাস্তি এবং এসবের জন্য নীতিমালা তৈরির ক্ষমতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। কিন্তু ২০০১ সালের টেলিযোগাযোগ আইন সংশোধন করে এসব ক্ষমতা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হাতে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদনও করেছে।২০০২ সালে বিটিআরসি গঠনের পর থেকে প্রতিষ্ঠানটি এসব ক্ষমতা ভোগ করে আসছিল। এখন কমিশন শুধু পর্যবেক্ষক হিসেবে থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স কমিউনিকেশন সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিমালার আওতায় ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) লাইসেন্স দিতে টেলিযোগাযোগ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশটি সংসদে পাস না হওয়ায় তা বাতিল হয়ে যায়।মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার এখন আইএলডিটিএস নীতিমালার আওতায় আরও বেশি লাইসেন্স দিতে আইন সংশোধন করতে যাচ্ছে। আর এই সুযোগে বিটিআরসির সব ক্ষমতাও নিয়ে নিচ্ছে। ২৯ মার্চ মন্ত্রিসভায় অনুমোদনের পর বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধিত) আইন-২০১০ এখন আইন মন্ত্রণালয়ে পর্যালোচনার (ভেটিং) অপেক্ষায় আছে। মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে সংসদে এটি বিল আকারে আনা হবে। যোগাযোগ করা হলে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘আইনটি যেহেতু এখনো সংসদে উত্থাপিত হয়নি, তাই এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না।’সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আইনের খসড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এই আইনটি করাই হয়েছিল কমিশন গঠনের স্বার্থে। যে কমিশনকে নিয়ে এত আলোচনা-ঘটনা, আইন সংশোধনের সময় তাদের কেউ একবারও জিজ্ঞেস করেনি। মন্ত্রণালয় বা মন্ত্রিসভা—কেউই বিটিআরসির কোনো মতামত নেয়নি। এটুকু নিশ্চয় করা যেত।আইনের প্রস্তাবিত সংশোধন: টেলিযোগাযোগ আইনের ২ ধারার ১৬ উপধারায় ট্যারিফ অনুমোদনের ক্ষমতা কমিশনকে দেওয়া ছিল। সংশোধিত আইনে ‘কমিশনের’ পরিবর্তে ‘সরকার’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। আর ২০ উপধারায় প্রবিধানের সঙ্গে ‘প্রশাসনিক জরিমানার’ বিষয়টি যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার এই জরিমানা নির্ধারণ করবে, আদালত নন।একই ধারার ২১ উপধারায় পারমিট দেওয়ার ক্ষমতা ছিল বিটিআরসির। সংশোধন করে এ ক্ষমতাও সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। বলা হয়েছে, ‘পারমিট’ অর্থ পরিচালনাকারীর লাইসেন্সকৃত টেলিযোগাযোগ-ব্যবস্থা বা সেবা প্রদানের কোনো স্থাপনা, যন্ত্রপাতি বা সুবিধা ব্যবসায়িক ভিত্তিতে বা ফি বা অন্য কোনো ধরনের মূল্য বা সুবিধাপ্রাপ্তির বিনিময়ে অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের জন্য প্রদান। মূল আইনের ৩১ ধারায় টেলিযোগাযোগ-ব্যবস্থা বা পরিচালনা বা টেলিযোগাযোগ সেবা প্রদান বা বেতার যন্ত্রপাতি ব্যবহারের জন্য লাইসেন্স এবং যথাযথ ক্ষেত্রে পারমিট বা কারিগরি গ্রহণযোগ্যতা সনদ দেওয়ার ক্ষমতা কমিশনের ছিল। এর আওতায় ছিল—বেতার ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও ব্যবহারের কর্তৃত্ব প্রদান এবং স্পেকট্রাম ব্যবস্থাপনা; ইস্যুকৃত লাইসেন্স, পারমিট ও সনদ নবায়ন, হস্তান্তর নিবন্ধন, স্থগিতকরণ ও বাতিলকরণ; সনদের শর্ত ভঙ্গ করলে তদন্ত, সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ। এ ছাড়া সরকারের নীতিমালা অনুযায়ী লাইসেন্সযোগ্য বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ সেবা অনুমোদন; টেলিযোগাযোগ সেবার ব্যাপারে ট্যারিফ, কলচার্জ এবং অন্যান্য চার্জ ও পরিচালনাকারীর তা নির্ণয়ের পদ্ধতি নির্ধারণ; নির্দেশনা (গাইডলাইন) জারি এবং কমিশনের বিবেচনামতো সিদ্ধান্ত ও আদেশ জারি করার ক্ষমতাও ছিল কমিশনের। সঙ্গে এই আইনের বিধানাবলি পালন করার বিষয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক বাস্তবায়ন (এনফোর্সমেন্ট) আদেশ জারি করা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায়। সংশোধিত প্রস্তাবে ৩১ ধারায় বর্ণিত কমিশনের সব ক্ষমতা সরকারের হাতে নেওয়া হয়েছে। কমিশন এ সম্পর্কিত কাজে সরকারকে সহায়তা করবে মাত্র।মূল আইনের ৩৪ ধারা অনুযায়ী, আগে সরকারের ক্ষমতায় ছিল আন্তর্জাতিক চুক্তির আওতায় টেলিযোগাযোগ বিষয়ে সরকারের অধিকার বা দায়দায়িত্ব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সময় সময় এ সংক্রান্ত যেকোনো বিষয় বিবেচনা ও সিদ্ধান্তের জন্য কমিশনের কাছে পাঠানো, টেলিযোগাযোগের সঙ্গে সম্পর্কিত গবেষণার উদ্যোগ বা অর্থ জোগান উল্লেখযোগ্য।এই ধারা সংশোধন করে পারমিট বা কারিগরি গ্রহণযোগ্যতা সনদ ইস্যু, ইস্যুকৃত লাইসেন্স, পারমিট ও সনদের নবায়ন, হস্তান্তর নিবন্ধন, স্থগিতকরণ ও বাতিলকরণ, ট্যারিফ, কলচার্জসহ অন্যান্য চার্জ এবং পরিচালনাকারীর তা নির্ণয়ের পদ্ধতি নির্ধারণসহ মূল আইনের ৩১ ধারায় কমিশনের কাছে থাকা সব ক্ষমতা সরকারের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, এই আইনের ৩১ ধারায় কমিশনকে দেওয়া ক্ষমতা সরকার সংরক্ষণ করে।৩৫ ধারায় আগে জরিমানার পরিমাণ নির্ধারণ করা ছিল ১০ লাখ। এখন তা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।সংশোধিত ৩৬ ধারায় লাইসেন্স দেওয়ার সব এখতিয়ার সরকারের এবং লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে বলা হয়েছে। ধারা ৩৯-এ সবকিছু বিচার করে কমিশন প্রশাসনিক আদেশ দ্বারা লাইসেন্সের শর্তাবলি, প্রতিস্থাপন, সংযোজন, বাতিলকরণ বা সংশোধন করার কথা ছিল। এখন তা সরকার করবে বলা হয়েছে।৪৬ ধারা সংশোধন করে প্রশাসনিক আদেশে লাইসেন্স বাতিল বা স্থগিত করার ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে। ৪৬-এর ৩ উপধারায় নতুন সংযোজন (চ)-এ বলা হয়েছে, সরকার কোনো লাইসেন্স স্থগিত করলে, লাইসেন্সের অধীনে সেবা প্রদান অব্যাহত রাখা, উন্নয়ন ও যথাযথ হিসাব সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রশাসক বা রিসিভার নিয়োগ করতে পারবে। তবে গৃহীত ব্যবস্থার কারণে কোনো প্রকার ক্ষতির জন্য লাইসেন্সকারী কোনো ক্ষতিপূরণের দাবি করতে পারবে না।কমিশনের হাতে কী থাকল: মূল আইনের ৩১ ধারার সব ক্ষমতা মন্ত্রণালয়ের কাছে নিয়ে যাওয়া এবং ৪৬ ধারায় ‘কমিশনের জায়গায় সরকার’ প্রতিস্থাপন করায় কমিশনের কার্যত কোনো ক্ষমতা থাকল না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সংশোধনী পাস হলে বিটিআরসির মন্ত্রণালয়ের হুকুম তামিল করা ছাড়া আর কিছু করার থাকবে না। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে সরকারি ল্যান্ডফোন, মোবাইল অপারেটর এবং সাবমেরিন কেব্ল কোম্পানি। কোনো অপারেটরের মালিকপক্ষ হিসেবে সরকার নিজেই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকবে না বলেই তৈরি করা হয়েছিল টেলিযোগাযোগ আইন ২০০১। কিন্তু বর্তমানে ওই আইনের সংশোধনী এনে মন্ত্রণালয় নিজেই নিয়ন্ত্রকের ভূমিকা নিচ্ছে। একই সঙ্গে বিশেষায়িত এই কমিশনটি অথর্ব হয়ে পড়বে।নাম প্রকাশ না করে বিটিআরসির একাধিক কর্মকর্তা বলেন, যে আইনের মাধ্যমে কমিশনের জন্ম, তার মূল ক্ষমতা কেড়ে নেওয়ার চেয়ে আইনটি বাতিল করে দেওয়াই তো ভালো। বিটিআরসি থাকার দরকার কী?জানতে চাইলে টেলিযোগাযোগ আইন বিশেষজ্ঞ তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে উন্নয়নের স্বার্থেই কমিশন গঠন করা হয়েছে। এখন বিটিআরসির সমস্ত ক্ষমতা ও দায়িত্ব এভাবে মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হলে দেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘ মেয়াদে ক্ষতিকর প্রভাব পড়বে।বিটিআরসির সাবেক উপদেষ্টা অনীক আল হক বলেন, কোনোক্রমে যদি এই বিল সংসদে পাস হয়, তবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ভুলে যেতে হবে। জাতি এক যুগ পেছনে চলে যাবে।জানা গেছে, এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স প্রদান, নবায়ন, ট্যারিফ নির্ধারণসহ সব ধরনের ক্ষমতা রয়েছে। এই কমিশন আইন ভঙ্গকারীকে শাস্তি বা জরিমানা করতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এতে কখনোই হস্তক্ষেপ করে না। কিন্তু বিটিআরসির ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।