টেলিযোগাযোগ লাইসেন্স দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) টেলিযোগাযোগ লাইসেন্স দেওয়ার কর্তৃত্ব সরকারের কাছে ন্যস্ত করার সুপারিশ করে টেলিযোগাযোগ সংশোধন বিল-২০১০ সংসদে উত্থাপিত হয়েছে।আজ রোববার জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি উপস্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন দেবে।উত্থাপিত বিলে আইনের ৩৬ ধারা সংশোধন করে টেলিযোগাযোগের ক্ষেত্রে লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির পরিবর্তে সরকারের কাছে ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে। বিলে বলা হয়েছে, টেলিযোগাযোগ-সম্পর্কিত লাইসেন্সের জন্য বিটিআরসির কাছে আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স দিতে পারবে। সরকার আবেদন বিবেচনা করে তা গ্রহণ অথবা বাতিল করতে পারবে।আইনের ৪৬ ধারা সংশোধন করে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ক্ষমতাও বিটিআরসির পরিবর্তে সরকারের কাছে ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে।বিদ্যমান আইনে টেলিযোগাযোগ অপারেটর প্রতিষ্ঠানের ট্যারিফ, কলচার্জ ও অন্যান্য চার্জের হার অনুমোদনের ক্ষমতা বিটিআরসির কাছে থাকলেও প্রস্তাবিত আইনে এই ক্ষমতা সরকারের কাছে দেওয়ার সুপারিশ করা হয়েছে।বিদ্যমান আইনে টেলিযোগাযোগ-সম্পর্কিত অপরাধের জন্য ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে অপরাধের ধরন বিশ্লেষণ করে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৩০০ কোটি টাকা এবং কারাদণ্ডের পরিমাণ সর্বোচ্চ পাঁচ বছর করা হয়েছে।লাইসেন্সের কোনো শর্ত কোনো সেবাপ্রতিষ্ঠান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা প্রশাসনিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। এই আদেশের পর শর্ত লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য এক কোটি টাকা করে জরিমানা আদায় করা হবে।বিলে আইনের সব অপরাধকে মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ভ্রাম্যমাণ আদালত এ সংক্রান্ত অপরাধ তাৎক্ষণিক আমলে নিয়ে বিচার করতে পারবেন। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি কার্যকর হবে না।