টেলিযোগাযোগে নতুন দিগন্তের উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হলো রাষ্ট্রনিয়ন্ত্রিত মুঠোফোন অপারেটর টেলিটকের বহু প্রতীক্ষিত থ্রিজি (থার্ড জেনারেশন) ফোনসেবা। দেশের টেলিযোগাযোগ খাতে উন্মোচিত হলো নতুন দিগন্ত। এর মাধ্যমে তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর স্তরে উঠে এল বাংলাদেশ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক বাণিজ্যিক সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়, ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুন বক্তৃতা করেন। খবর বাসসের।উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুঠোফোন খাতে থ্রিজির সংযোজন করে বাংলাদেশ এক নতুন মাইলফলক স্থাপন করল। এর ফলে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পাওয়া যাবে এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান দ্রুত ও সহজ হবে। মুঠোফোনের গ্রাহকেরা ভিডিও কল করাসহ উন্নত ডিজিটাল সেবা পাবেন।প্রধানমন্ত্রী বলেন, নতুন এই সংযোজন তথ্যপ্রযুক্তি শিল্প ও সেবার বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষা, গবেষণা, শিল্প, কৃষি, সেবা খাতসহ সব ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করবে। এতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হবে।দেশের প্রায় ১০ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করছে এবং প্রায় ২৫ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সব নাগরিকের জন্য প্রযুক্তি বিভেদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, এবার দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর সরকার আইসিটি আইন ও নীতি এবং টেলিকম আইন প্রণয়ন করেছে। পার্বত্য এলাকাসহ সারা দেশকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে এবং মোবাইলে বাংলায় এসএমএস পাঠানোর সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তি রপ্ত করেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক নিয়ে ই-বুক তৈরি এবং মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী বছর থেকে নিম্নমাধ্যমিকেও কম্পিউটার শিক্ষা চালু করা হবে। তিনি বলেন, আইসিটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে। সাবমেরিন কেবেলর ব্যান্ড-উইডথ ক্যাপাসিটি বৃদ্ধি ও ইন্টারনেট সেবা সহজলভ্য করা হয়েছে। টেলিযোগাযোগে নিজস্ব সামর্থ্য অর্জনে দেশে প্রথমবারের মতো স্যাটেলাইট স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে থ্রিজি সংযোজনে সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে আবারও ক্ষমতায় এলে বাংলাদেশে ‘ফোরজি’ সেবা চালু করা হবে।পরে প্রধানমন্ত্রী বোতাম টিপে টেলিটক থ্রিজি প্রযুক্তির উদ্বোধন করেন। তিনি এই নতুন সংযোজিত প্রযুক্তির মাধ্যমে টেলিফোনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে কথা বলেন। তিনি এ প্রযুক্তি ব্যবহার করে টেলিফোনে আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও কথা বলেন। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে ফোনে বলেন, এই প্রযুক্তি চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল।