টেলিযোগাযোগের নতুন আইন বিনিয়োগবান্ধব করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত টেলিযোগাযোগ (সংশোধিত) আইন, ২০১০ বিনিয়োগবান্ধব নয়। দেশের সংবিধান ও মানবাধিকার আইনের পরিপন্থী এই আইন পাস হলে টেলিযোগাযোগ খাতে দেখা দেবে অস্থ্থিরতা।টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুও একই ধরনের আশঙ্কা করে বলেছেন, ‘প্রশাসনের ঘাড়ে ভূত চেপেছে।’ সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন না করার জন্যই মন্ত্রণালয়ের কতিপয় আমলা প্রস্তাবিত আইনে অযৌক্তিক বিধান রেখেছে বলে অভিযোগ করেন তিনি।গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডি-নেট আয়োজিত ‘টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সহায়ক পরিবেশ: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়েছে। আলোচকেরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আইনটি পাস না করে পর্যালোচনার দাবি জানানো হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-গভর্নমেন্ট বিভাগের তথ্যে প্রবেশাধিকার কর্মসূচির বিশেষজ্ঞ আসিফ সালেহ বৈঠকটি সঞ্চালনা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান ও ব্যারিস্টার তানজীব-উল আলম।ইনু বলেন, প্রযুক্তিকে প্রযুক্তি দিয়ে মোকাবিলা করতে হবে, র‌্যাব-পুলিশ দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। কিন্তু বিটিআরসি তা-ই করছে। এতে দিন দিন এই ব্যবসার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এভাবে একের পর এক র‌্যাব-পুলিশ দিয়ে প্রযুক্তি দমন করা দেশের জন্য লজ্জার ব্যাপার।এক খাত নিয়ন্ত্রণে দুটি সরকারি প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় উল্লেখ করে ইনু বলেন, বিদ্যমান টেলিযোগাযোগ কমিশন নিয়ন্ত্রক হিসেবে যথেষ্ট কার্যকর। এ ছাড়া টেলিযোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত আইনের অনেক ধারাই আপত্তিকর। তিনি জানান, ৪৯টি সংশোধনী আনা হয়েছে, যেগুলোর বেশির ভাগ অযৌক্তিক, হাস্যকর ও ধ্বংসাত্মক। কাউকে এসএমএস বা খুদে বার্তা দিয়ে ভয়ভীতি দেখানো হলে প্রেরকের বিরুদ্ধে ১০০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে, যা হাস্যকর। টেলিযোগাযোগ আইন নয়, এ ধরনের অপরাধ করলে পুলিশ তাদের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে বলে মনে করেন ইনু। তিনি বলেন, টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আরও আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। ভি-স্যাট বন্ধ প্রসঙ্গে ইনু বলেন, এটা সরকারের বড় ধরনের ভুল সিদ্ধান্ত। এভাবে শত শত কোটি টাকা বিনিয়োগ করে ভি-স্যাট বসানোর অনুমতি দিয়ে এখন সেগুলো বন্ধ করে দিলে এ খাতে দেশের শত শত প্রকৌশলী বেকার হয়ে যাবেন। তিনি বলেন, চোর ধরতে গিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়া, প্রযুক্তি বন্ধ করে দেওয়ার অর্থ বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশকে স্যাবোটাজ করা।ব্যারিস্টার তানজীব-উল আলম প্রস্তাবিত টেলিযোগাযোগ আইনের সঙ্গে সংবিধানের বিভিন্ন সাংঘর্ষিক অবস্থা তুলে ধরেন। তিনি জানান, প্রস্তাবিত আইনে ‘টেলিযোগাযোগ’-এর কোনো সংজ্ঞা দেওয়া নেই। সংশোধনের দুই-তৃতীয়াংশই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে নানা অপরাধের অজুহাতে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানা। এ ছাড়া জরিমানা অনাদায়ে দিনপ্রতি এক কোটি টাকা করে জরিমানা। বাকি দুই ভাগে রয়েছে কমিশনের সব ক্ষমতা মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু আমলার যোগসাজশে টেলিযোগাযোগ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রস্তাবিত আইনে এ খাতের সব অপরাধ আমলযোগ্য বলা হয়েছে, যা দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধির সঙ্গে সংগতিপূর্ণ নয়। কোনো ধরনের আপিলের সুযোগ রাখা হয়নি। একই সঙ্গে বিনা সমনে গ্রেপ্তারের বিষয়টি পুরো টেলিযোগাযোগ খাতকে আতঙ্কিত করে তুলেছে। গ্রামীণফোনের আইন-সম্পর্কিত বিভাগের প্রধান মাহমুদ হোসেন বলেন, উচ্চ হারে জরিমানা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উচ্চ কর, বিশেষ করে উচ্চ সিম কর টেলিঘনত্বের জন্য ক্ষতিকারক। পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য প্রদত্ত লাইসেন্স ‘শর্ত পরিবর্তনে কর্তৃপক্ষের একক ক্ষমতা’ ব্যবসায়ীদের বিনিয়োগকে ঝুঁকিতে ফেলার আশঙ্কা রয়েছে। তিনি সামাজিক দায়বদ্ধতা তহবিলেরও বিরোধিতা করেন। ভি-স্যাট বন্ধের নির্দেশ প্রযুক্তি উন্নয়নের পথে বাধা বলে উল্লেখ করে রেডিয়েন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক মহসীন রব চৌধুরী বলেন, যোগাযোগের বিভিন্ন বিকল্প হাতে থাকা সত্ত্বেও বিশ্বের কোনো দেশ ভি-স্যাট বন্ধ করেনি। কারণ ভি-স্যাট হচ্ছে দেশের স্যাটেলাইট স্থাপনের প্রথম স্তর। ছোট ব্যবসায়ীরা বিনিয়োগ তুলে নেওয়ার চিন্তা করছেন বলে জানিয়ে সাইবারস লিমিটেডের মো. শরীফ বলেন, ছোট এবং দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ খুব সামান্য, বড়জোর ৫০ বা ৬০ লাখ। প্রস্তাবিত আইনে টেলিযোগাযোগের কোনো সংজ্ঞা না থাকায় এবং কোন অপরাধে কাকে কী মাত্রায় জরিমানা বা শাস্তির বিধান, তা চিহ্নিত না করায় এসব ব্যবসায়ীর অনেকেই ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। বিশেষ করে ভি-স্যাট বন্ধের নোটিশে ক্ষুদ্র ইন্টারনেট সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ভি-স্যাট দিয়ে ভিওআইপির অবৈধ ব্যবহার চিহ্নিত করতে কমিশন পর্যবেক্ষণ করতে পারে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু সার্বিক ব্যবসায়ীদের এ ধরনের ক্ষতি কমিশনের অমানবিক সিদ্ধান্ত।অনন্য রায়হান টেলিযোগাযোগ খাতের উন্নয়নে তিনটি সুপারিশ তুলে ধরেন। যেমন, স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রণ কমিশনকে ক্ষমতায়িত করা; অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হওয়া, এ খাতে কর নীতিমালা পুনরায় সংশোধন এবং টেলিযোগাযোগ আইন, ২০০১ বহাল বা সংশোধিত আইন বিনিয়োগবান্ধব করে তৈরি করা।