টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি এখনই অবসরে যাচ্ছেন না। আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না। আর আগামী বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন। মুরালিধরনের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ বুধবার এ কথা জানায়।৩৭ বছর বয়সী মুরালিধরন ১৩২ টেস্টে রেকর্ড ৭৯২ উইকেট নিয়েছেন। টেস্টে সেরা বোলিং ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানে ৯ উইকেট। অন্যদিকে ৩৩৪ ওয়ানডেতে নিয়েছেন রেকর্ড ৫১২ উইকেট। ওয়ানডেতে তাঁর সেরা বোলিং ভারতের বিপক্ষে ৩০ রানে ৭ উইকেট।আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮ উইকেট পেলে টেস্ট ক্রিকেটের একমাত্র এবং প্রথম ক্রিকেটার হিসেবে ৮০০ উইকেটের মালিক হবেন মুরালিধরন।এদিকে আল-কায়েদার হুমকি সত্ত্বেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তৃতীয় আসরের খেলায় অংশ নেবেন মুরালিধরন।