টেস্ট ক্রিকেটে ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে কীভাবে পেরিয়ে গেল দশটি বছর! ক্রিকেট-মহাকালের কাছে দশ বছর এমন কিছু নয়। কিন্তু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর একটা উপলক্ষ তো বটেই। সেই হিসাব করতে বসলে হাহাকারই বেশি শোনা যাবে। ৬৮ টেস্টে মাত্র তিনটি জয়—সেগুলোও খর্বশক্তির প্রতিপক্ষ পেয়ে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দশ বছর নিরন্তর সংগ্রামেরই ইতিহাস এবং তাতে কোনো অস্বাভাবিকতা নেই। টেস্ট ক্রিকেট বড় কঠিন ঠাঁই; ঐতিহ্যে-অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে থাকা সব দলের বিপক্ষে হোঁচট খেতে খেতেই হাঁটতে শিখতে হবে।বাংলাদেশের ক্রিকেটাররা যে হোঁচটই বেশি খাচ্ছেন, সেটি তাঁদের দোষ নয়। টেস্ট ক্রিকেটের পিচ্ছিল আঙিনায় হেঁটে-চলে বেড়ানোর মতো আলো-হাওয়া কি তাঁদের দিতে পেরেছি আমরা? টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় বাংলাদেশ ছিল অপ্রস্তুত। দশ বছর পরও যে তা-ই, সেটির দায় ক্রিকেট প্রশাসকদের। এই আক্ষেপ সঙ্গী করেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দশ বছর পূর্তির লগ্নটাকে উদ্যাপনের একটা উপলক্ষ বলে মনে করেছি আমরা। ক্রিকেট তো এ দেশে শুধুই একটা খেলা নয়; সব মত, সব পথের মানুষকে এক করে দেওয়ার বিনি সুতার মালা।