টোকিও থেকে বাংলাদেশ দূতাবাস সরিয়ে নেওয়ার নির্দেশ
জাপানে ভূমিকম্প ও সুনামি শেষে পারমাণবিক বিদ্যুেকন্দ্রে বিস্ফোরণের পর টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সে দেশের দক্ষিণাঞ্চলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাপানে বাংলাদেশ দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আজ জাপানে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর টোকিও নিরাপদ নয়। এ পরিপ্রেক্ষিতে টোকিও থেকে দূতাবাস দক্ষিণাঞ্চলের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে সম্ভাব্য স্থান হতে পারে হিরোশিমা কিংবা নাগাসাকি।’পররাষ্ট্রমন্ত্রী জানান, দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে জাপানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।দীপু মনি আরও বলেন, জাপানের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে অবস্থানরত প্রায় ১২ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, জাপানে যেসব বাংলাদেশি আছে, তাদের মধ্যে প্রায় পাঁচ-ছয় হাজার জন টোকিওতে থাকে।ভূমিকম্প ও সুনামির পর এ পর্যন্ত বাংলাদেশিদের হতাহত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।’এদিকে টোকিও থেকে দূতাবাস সরানোর নির্দেশের খবরটি প্রথম আলোর অনলাইনে প্রচারের পর জাপানে কয়েকজন প্রবাসী বাংলাদেশি মুঠোফোনে খবরটিতে উদ্বেগ প্রকাশ করেছেন।টোকিওর সাদিয়াটেক কোম্পানি লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুর রশীদ বলেন, ‘এখন পর্যন্ত এখানে এমন মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি যে, দূতাবাস সরিয়ে নিতে হবে।’প্রবাসী বাংলাদেশি তৌহিদা খাতুন বলেন, ‘এ পর্যন্ত টোকিও থেকে সরে যাওয়ার কোনো খবর শুনতে পাইনি। কাজেই দূতাবাস সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াবে।’