টোকিওর শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের যে একটি দিনকে বাংলাদেশের বঙ্গভাষীরা সব সময় নিজেদের মনের গভীরে গেঁথে যাওয়া দিন হিসেবে গণ্য করে আসছে, সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির—শহীদ দিবস। ফলে নব্বইয়ের দশকের প্রথম দিক থেকেই শহীদ দিবস পালনকে কেন্দ্র করে আয়োজিত নানা রকম অনুষ্ঠানে জাপানে একটি শহীদ মিনার তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনার সূত্রপাত হতে দেখা যায়; যদিও এক দিনের আলোচনাতেই তা অনেকাংশে সীমাবদ্ধ থেকে গিয়েছিল।প্রবাসী বাংলাদেশিদের সেই আকাঙ্ক্ষার আংশিক প্রতিফলন অবশেষে বাস্তবায়িত হতে দেখা গেছে ২০০৫ সালে টোকিওর অন্যতম ব্যস্ত নগর কেন্দ্র ইকেবুকুরোর স্টেশন-সংলগ্ন পার্কে স্থায়ী একটি শহীদ মিনার গড়ে ওঠার মধ্য দিয়ে। জাপানের রাজধানীর তোশিমা ওয়ার্ড প্রশাসন শহীদ মিনার তৈরির অনুমতি দিলে বাংলাদেশ সরকারের অর্থায়নে ঢাকার শহীদ মিনারের ছোট একটি সংস্করণ হিসেবে পার্কের একদিকে তৈরি করা হয় ইস্পাতের কাঠামোর সেই শহীদ মিনার। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাপান সফরকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। তাই প্রবাসীদের মনের সেই মিনারে দলীয় বিভাজনের ছাপও আঁকা হয়ে যায়। এ কারণে পরবর্তী প্রধানমন্ত্রীকে তাঁর জাপান সফরের সময় শহীদ মিনারে যাওয়া থেকে বিরত থাকতে দেখা গেছে।তবে তার পরও টোকিওর শহীদ মিনারে প্রতিবছর একুশের প্রথম প্রহরে জাপানের প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বাংলাদেশিরা সমবেত হন তাঁদের হূদয়ের সঙ্গে সম্পর্কিত দিনটি পালনের পাশাপাশি সেই সব ভাষাশহীদকে স্মরণ করতে, নিজেদের প্রাণের বিনিময়ে যাঁরা দেখিয়ে দিয়ে গেছেন নতুন সেই যাত্রাপথের ঠিকানা, যে পথে রক্তক্ষয়ী পদচারণের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এ বছর টোকিওর শহীদ মিনারে সংযোজিত হয়েছে নতুন এক অধ্যায়, প্রবাসী বাংলাদেশিরা কিছুদিন আগে যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সেখানে সমবেত হয়েছিলেন।