টোরিদের সঙ্গে সংলাপে ক্লেগকে দলের পূর্ণ সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বৃহস্পতিবারের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার পর সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপক তৎপরতা চলছে। ‘কিংমেকার’ হয়ে ওঠা লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতারা জানিয়েছেন, তাঁরা আজ রোববার কনজারভেটিভ পার্টির সঙ্গে আলোচনায় বসবেন।এদিকে লিবারেল ডেমোক্র্যাটস দলের এমপি ও নেতারা গতকাল এক বৈঠকের পর বলেছেন, কনজারভেটিভদের সঙ্গে প্রথমে আলোচনার ব্যাপারে দলনেতা নিক ক্লেগের ওপর তাঁদের ‘পূর্ণ সমর্থন’ আছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, দ্য সান ও টেলিগ্রাফ অনলাইনের।নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগের হাতেই দৃশ্যত এখন জোট সরকার গঠনের চাবিকাঠি। ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩০৬টি, লেবার পার্টি ২৫৮টি ও লিবারেল ডেমোক্র্যাটস ৫৭টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন।নিক ক্লেগ গতকাল তাঁর দলের এমপি ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে শেষ হওয়া আলোচনার পর দলের অন্যতম আলোচক ডেভিড লজ বলেন, সংসদীয় দলের বৈঠকে তাঁরা নিক ক্লেগের রাজনৈতিক পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছেন। সবচেয়ে বেশি আসন পাওয়া কনজারভেটিভ পার্টির প্রধান ডেভিড ক্যামেরন জোট সরকার গঠনের প্রশ্নে যেসব প্রস্তাব দিয়েছেন, সেগুলো গ্রহণ করা হবে কি না, তা নিয়ে এই বৈঠকে আলোচনা করেন দলের শীর্ষস্থানীয় নেতারা।এ সময় বৈঠকস্থলের বাইরে বিক্ষোভ করেন প্রায় এক হাজার মানুষ। তাঁদের দাবি, ক্ষমতা ভাগাভাগির আলোচনায় নির্বাচনী আইন সংস্কারের বিষয়টি যেন স্থান পায়।লেবার পার্টির প্রধান, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, নতুন সরকার গঠনের জন্য তিনি ডেভিড ক্যামেরন ও নিক ক্লেগকে সময় দিতে চান। তবে ওই আলোচনায় তাঁদের মধ্যে কোনো সমঝোতা না হলে তিনি নিক ক্লেগের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আর এ ব্যাপারে তিনি নিক ক্লেগকে ফোন করেন।লিবারেল ডেমোক্র্যাটস দলের একজন শীর্ষস্থানীয় নেতার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গর্ডন ব্রাউন টেলিফোনে কিছুটা হুমকি দেওয়ার সুরে কথা বলেছেন। তিনি লেবার পার্টিকে সমর্থন দেওয়ার জন্য নিক ক্লেগকে রাজি করানোর চেষ্টা করেন। তবে নিক ক্লেগ টেলিফোনে কথা বলা শেষ করে মন্তব্য করেছেন, গর্ডন ব্রাউনের সঙ্গে সমঝোতা আলোচনা অসম্ভব। অন্যদিকে ডেভিড ক্যামেরনের সঙ্গে ক্লেগের আলোচনাকে ‘গঠনমূলক’ অভিহিত করেছেন লিব ডেম নেতারা।লিবারেল ডেমোক্র্যাটস দলের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, ক্ষমতা ভাগাভাগি বা সরকার গঠনের জন্য মতৈক্যে আসার জন্য আগামী বুধবারই শেষ দিন।ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্লেগ-ব্রাউন টেলিফোন আলাপের ব্যাপারে বলা হয়েছে, দুই নেতার মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। ব্রাউনের তরফ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করার দাবি অস্বীকার করেছেন সেখানকার কর্মকর্তারা।গত শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রথমেই নিক ক্লেগ ও ডেভিড ক্যামেরনের মধ্যে আলোচনা হয়। এর আগে এক ভাষণে ক্যামেরন নিক ক্লেগকে জোট সরকার গঠনের জন্য আলোচনায় বসার আহ্বান জানান। এ জন্য ‘বড়, উন্মুক্ত ও সমন্বিত’ প্রস্তাব দেন তিনি। এরপর স্থানীয় সময় গতকাল বিকেলে দুই নেতার মধ্যে জোট গঠনের ব্যাপারে আলোচনা হয়।নিক ক্লেগ তাঁর দলের মূল দাবিগুলোর ব্যাপারে জোর দেন। এগুলোর মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। এ ছাড়া সরকারের ব্যয় সংকোচন, কর ব্যবস্থা ও শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়েও তাঁদের নিজস্ব অবস্থান রয়েছে। তবে লিবারেল ডেমোক্র্যাটস দলের সবচেয়ে বড় দাবি, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ব্যাপারে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি ক্যামেরন। তাঁরা এ ব্যাপারে একটি সর্বদলীয় কমিটি করার প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটস দলের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।গতকাল নিক ক্লেগ বলেন, ‘ভোটাররা একটি স্থিতিশীল ও ভালো সরকার প্রত্যাশা করে। তিনি দুই দলের আলোচনাকে গঠনমূলক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে ডেভিড ক্যামেরনও বলেছেন, নির্বাচনের ফল বলে দিয়েছে, রাজনীতিকদের পরস্পরের সঙ্গে আলোচনা করতে হবে।সার্বিক পরিস্থিতি দেখে বিশ্লেষকেরা ধারণা করছেন, আলোচনা কয়েক দিন পর্যন্ত চলতে পারে। একাধিক সূত্রে খবর পাওয়া গেছে, লেবার পার্টির নেতারা তাঁদের ঘনিষ্ঠ লিব ডেম নেতাদের রাজি করানোর চেষ্টা করছেন, যাতে কনজারভেটিভ পার্টির সঙ্গে জোট গঠন করার ব্যাপারে তাঁরা নিক ক্লেগকে বাধা দেন। লেবার পার্টির নেতা ও মন্ত্রী বেন ব্র্যাডশ বিবিসিকে বলেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া টোরি দলের সঙ্গে জোট করবে লিব ডেম—এটা বিশ্বাসযোগ্য নয়। টোরি দলের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে জোট গঠনের ব্যাপারে তাঁদের সঙ্গে লিব ডেমদের চুক্তি হওয়া সম্ভব। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন ব্রাউন। তবে লেবার পার্টির অনেক নেতাই আশঙ্কা করছেন, ব্রাউনের নেতৃত্ব নিক ক্লেগের দলের সঙ্গে তাঁদের সম্ভাব্য জোট গঠনে মূল অন্তরায় হয়ে উঠতে পারে।এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর আত্মসমর্পণ দিবস উপলক্ষে গতকাল তিন নেতা লন্ডনের হোয়াইট হলে উপস্থিত হন। সেখানে ক্যামেরন, ব্রাউন ও ক্লেগ পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।