টোরিদের সঙ্গে সরকার গঠনের চিন্তা করছেন ক্লেগ
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগ আজ শনিবার দলের জ্যেষ্ঠ সদস্যদের সমর্থন চাইবেন। এ রকম কোনো সমঝোতায় পৌঁছাতে পারলে হয়তো লিবারেল ডেমোক্র্যাটসরা গত কয়েক যুগের মধ্যে এই প্রথমবারের মতো সরকার গঠনে অংশ নিতে পারবে।গত বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে টোরিরা যদিও সবচেয়ে বেশি আসনে জিতেছে, কিন্তু তারা সরকার গঠনের মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর অর্থ হচ্ছে, ব্রিটেনের রেকর্ড বাজেট ঘাটতিকে সামাল দেওয়ার মতো স্থিতিশীল একটি সরকার গঠনের জন্য তাদের ছোট দলগুলোর সমর্থন দরকার।ক্লেগকে অবশ্যই লিবারেল ডেমোক্র্যাটসদের একটি বড় অংশের মধ্যে বিদ্যমান এই সংশয় দূর করতে হবে যে টোরিদের সঙ্গে কোনো সমঝোতায় আসতে হলে তারা হয়তো তাদের অনেক প্রিয় নীতি বিসর্জন দিতে বাধ্য হবে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শুক্রবার যখন এটা স্পষ্টভাবে প্রতিভাত হয় যে ক্ষমতাসীন লেবার পার্টিকে বেশ ভালোভাবেই হারাতে পারলেও, টোরিরা পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না তখন পাউন্ডের দরপতন থেকে শুরু করে শেয়ারবাজারের মূল্যসূচক—অর্থবাজারের সর্বত্র ধস নামে।কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন গতকাল শুক্রবার এই বলে লিবারেল ডেমোক্র্যাটসদের কাছে আবেদন করেন যে তিনি তাঁদের সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক। এটি হতে পারে একটি কোয়ালিশন, যা ব্রিটেনের ক্ষেত্রে একটি দুর্লভ ঘটনা। তবে এ ক্ষেত্রে সম্ভাবনা বেশি হচ্ছে দুই দলের মধ্যে এমন একটি চুক্তি হওয়া যার অধীনে একটি পূর্বনির্ধারিত আইন প্রণয়ন কর্মসূচি বাস্তবায়নে টোরিদের নেতৃত্বে গঠিত সংখ্যালঘু সরকারকে কিছু অধিকারের বিনিময়ে লিবারেল ডেমোক্র্যাটসরা সমর্থন করবেন।