ট্যাংক পানিশূন্য!
সিলেটে সিটি করপোরেশনের তৈরি পানির ট্যাংকগুলো কোনো কাজেই আসছে না। উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন না থাকায় এসব ট্যাংকগুলো পানিতে কখনোই পুরোপুরি পূর্ণ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে ট্যাংকগুলোতে পানি জমা না করেই সরাসরি পাইপলাইন থেকে নগরবাসীকে পানি দিতে হচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট নগরে চারটি পানির ট্যাংক রয়েছে। এ চারটি ট্যাংকের তিনটি তৈরি হয়েছে ২০০২ সালে। ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি এ ট্যাংকগুলোতে পানি ধরে মোট পাঁচ লাখ গ্যালন। ট্যাংক তিনটি পিটিআই স্কুল, ঈদগাহ ও এমসি কলেজের মাঠসংলগ্ন এলাকার অবস্থিত। অপর ট্যাংকটি ১৯৬৭ সালে পুরাতন মেডিকেল এলাকায় স্থাপিত হয়।করপোরেশনের পানি শাখা সূত্রে জানা গেছে, ট্যাংকগুলো প্রতিষ্ঠার পর প্রায় মাসখানেক এসব ট্যাংকে পানি রিজার্ভ করে রাখা সম্ভব হয়েছিল। তবে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প না থাকায় দ্রুতগতিতে ট্যাংকে পানি তোলা সম্ভব হয় না। এসব ট্যাংকে পানি ভর্তি করতে কয়েক ঘণ্টা সময় লাগে। এ সময়ের মধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহ করতে হয়। তাই একই সময়ে ট্যাংকে পানি ভর্তি করতে হলে পানি সরবরাহে সংকট তৈরি হয়। তাই ট্যাংকে পানি তোলা পুরোপুরি বন্ধ রয়েছে।পানি শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ হোসেন জামান বলেন, ‘ট্যাংকগুলো তৈরির পর মাসখানেক পর্যন্ত অতিরিক্ত পানি জমা রাখার চেষ্টা চালিয়েছিলাম, তবে সফল হতে পারিনি। কারণ ট্যাংকে পানি জমা করলে নগরবাসীকে ওই সময় পানি সরবরাহ করা সম্ভব হয় না। তাই যত দিন পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন বসানো না হবে তত দিন পর্যন্ত ট্যাংকগুলো পানি দিয়ে ভর্তি করা সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে আমরা ট্যাংকে পানি না তুলে সরাসরি পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ করছি।’