ট্যাংক যেভাবে একটি শহর গুঁড়িয়ে দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার মাইকেল লরেন্ট পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় ছিলেন। তখনই বাঙালিদের স্বাধীনতা আন্দোলন নস্যাত্ করতে পাকিস্তান সেনাবাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাংবাদিকদের সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটক করা হয়। বের হলেই গুলির হুমকি। এর মধ্যেই লরেন্ট সঙ্গোপনে বেরিয়ে পড়েন এবং বিধ্বস্ত ঢাকা শহর ঘুরে ঘুরে দেখেন। শেষ পর্যন্ত অন্য বৈদেশিক সংবাদদাতাদের সঙ্গে তাঁকেও ঢাকা থেকে জোর করে বহিষ্কার করা হয়।)ঢাকা পূর্ব পাকিস্তান (এপি): বৃহস্পতিবার রাতে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই পাকিস্তানি সেনাবাহিনী সবাইকে বিস্মিত করে বাঙালিদের স্বাধীনতা আন্দোলনকে নিঃশেষ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনী তাদের এম ২৪ ট্যাংক, গোলন্দাজ ও পদাতিক বাহিনী নিয়ে প্রদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।সেনাবাহিনীর প্রধান নিশানা ছিল বিশ্ববিদ্যালয়, জনাকীর্ণ পুরান ঢাকা যেখানে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সমর্থন সবচেয়ে বেশি এবং ১৫ লাখ মানুষের এই শহরের বাইরের শিল্পাঞ্চল।কেবল রাজধানীতেই সম্ভবত সাত হাজার লোক নিহত হয়েছে।শনিবার ও রোববার যাঁরা বের হয়েছেন তারা তখনও আগুন জ্বলছে এমন অনেক স্থান দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের হলের বিছানায় পাওয়া গেছে অগ্নিদগ্ধ ছাত্রের মৃতদেহ। ট্যাংক সরাসরি ছাত্রাবাসে আঘাত করে।জগন্নাথ কলেজে (হলে) তড়িঘড়ি করে গণকবর দেওয়া হয়েছে। ইকবাল হলে নিহত হয়েছে ২০০ ছাত্র। তখনো ছাত্রাবাসের সামনে প্রায় ২০টি মৃতদেহ পড়ে ছিল।সেনারা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর বাজুকা নিক্ষেপ করেছে। সেখানে হতাহতের সংখ্যা জানা যায়নি।হাজার হাজার মানুষ হাতে যেটুকু নিতে পারে তা নিয়েই শহর ছেড়ে পালাচ্ছে। খাবারদাবার ও কাপড়বোঝাই ঠেলাগাড়ি নিয়ে কেউ কেউ পথ চলছে। সেনা কর্তৃপক্ষের আদেশের পরও হাতেগোনা কিছু লোক সরকারি কাজে ফিরে এসেছে।(৩০ মার্চ ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন)