ট্যাংকার ফুটো হয়ে ভোজ্যতেল নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পাইলট বোটের ধাক্কায় একটি তেলবাহী ট্যাংকার ফুটো হয়ে ভোজ্যতেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টায় এই ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে এসব তেল নদী থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।বন্দর ও ট্যাংকার পরিচালনাকারী কোম্পানি সূত্র জানায়, বন্দরের ৮ নম্বর রিভার মুরিংয়ে সকালে এমটি জাকা নামের একটি ছোট আকারের ট্যাংকার থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হচ্ছিল। ট্যাংকারটি বহির্নোঙরে অবস্থানরত এমটি চ্যাম্পিয়ন ট্রেডার থেকে এই তেল নিয়ে আসে। বেলা সোয়া ১১টার দিকে হঠাত্ করে বন্দরের একটি পাইলট বোট এসে তেলবাহী ট্যাংকারটিকে ধাক্কা দেয়। এ সময় ট্যাংকারের পাশে ফুটো হয়ে অপরিশোধিত সয়াবিন তেল নদীতে ছড়িয়ে পড়ে। টিকে গ্রুপ এসব অপরিশোধিত সয়াবিন আমদানি করেছিল।ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, সংঘর্ষে এমটি জাকার পাশে ফুটো হয়ে সম্ভবত ১০ থেকে ২০ লিটার ভোজ্যতেল বেরিয়ে পড়েছে। তাত্ক্ষণিকভাবে এসব তেল নদী থেকে তুলে নেওয়া হয়েছে। এর পরও বন্দরে তেলের বর্জ্য অপসারণকারী জাহাজ পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ক্যাপ্টেন রহমত উল্লাহকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।